Logo
Logo
×

নগর জুড়ে

আমাদের সাথে কারো ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায় : মন্ত্রী গাজী

Icon

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১১:১৩ পিএম

আমাদের সাথে কারো ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায় : মন্ত্রী গাজী
Swapno

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আমাদের সাথে কারো ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায়। অথচ কেউ কেউ ধাক্কা-ধাক্কি করে কেটে, রাস্তায় ফেলে দিলেও নিউজ হয়না।

 

কোনো কোনো সাংবাদিক হয়তো পত্রিকার কাটতির জন্য এ ধরনের সাংবাদিকতা করেন। আমরা আমাদের জনগনের কাছে হেয় প্রতিপন্ন হলেও আমরা যারা রাজনীতি করি তারা ধৈর্য্য ধারণ করে রাখি।

 

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলা ও লিফট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। 

 

এছাড়াও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, আইয়ুব হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

এ সময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো বলেন, এক সময় আমরা মুক্তিযোদ্ধা পরিচয় লুকিয়ে চলতাম। মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই মামলা, হামলার শিকার হতে হতো। এসব কারনে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের অনেকের পড়াশোনা, ভরন পোষন ঠিক মতো হয়নি। নিরান্নবই ভাগ মুক্তিযোদ্ধা জমি, সম্পদ হারিয়ে দরিদ্র হয়ে গেছেন। অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা এদেশে একসময় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তারা ব্যবসা বানিজ্য করে বিভিন্ন সুবিধা নিয়ে ধনী হয়ে গেছে।  


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ব্যক্তি রেষারেষি করতে গিয়ে অনেক সময় ভালো কাজকেও বিতর্কিত করা হয়। সাংবাদিকদের এই দিকে খেয়াল রাখতে হবে। নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকতে হবে।

 

গণমাধ্যম কর্মীদের সবসময় সত্যের পক্ষে থাকার আহ্বান জানান সাংসদ নজরুল ইসলাম বাবু ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রেস ক্লাবের বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন