ফেসবুকে লগ-ইন করার পরই আমারা অন্য দুনিয়ায় হারিয়ে যাই। নিউজফিড স্ক্রল করার সময় আমাদের সামনে হরেক রকম পোস্ট ভেসে আসে। এসব পোস্ট দেখে আমরা হাসি, কাঁদি আবার কখনও বিরক্ত হই। এই ভিন্নধর্মী আবেগগুলো আমাদের মনের ওপর নানাভাবে প্রভাব ফেলে। সোজা কথায়, ফেসবুক আমাদের মনকে নিয়ন্ত্রণ করে।
‘সোশ্যাল মিডিয়া: প্রজন্মের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে তরুণ প্রবন্ধকার নাজমুল হাসান তাঁর মূল প্রবন্ধে এমন মন্তব্য তুলে ধরেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ধারাবাহিক সেমিনার কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শিশু-কিশোর সংগঠন গঙ্গাফড়িং শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাতাল মেঝে এ সেমিনারের আয়োজন করে।
ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কীভাবে এটা করতে পারে-এমন এক প্রশ্নে উত্তরে তিনি উল্লেখ করেন, আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের নানান তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। আমাদের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ, অপছন্দ সবকিছু। ফেসবুকে এমনই এক এলগরিদম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী প্রতিটি ব্যাক্তির সকল বিষয় সংগ্রহ করা হয়।
এবং আমরা যাতে ফেসবুক ব্যবহারে আরও আসক্ত হয়ে উঠি তার সহায়তা করে এ তথ্যগুলো। এই তথ্যগুলোর সহায়তায় আমরা প্রতিটা মানুষ কী রকম ভাবি, কী পছন্দ করি, তার উপর ভিত্তি করেই আমাদের ফেসবুকের টাইমলাইন সাজানো হয়।
সোশ্যাল মিডিয়ায় আমরা কতটুক সময় ব্যবহার করি, ইন্টানেটের আবিষ্কারের ইতিহাস, কেন আবিষ্কার করা হয়েছিল, পর্যায়ক্রমে ইন্টারনেটের সারা দুনিয়ায় বিস্তার লাভ করা ইত্যাদি বিষয়গুলো নাজমূল হাসানের প্রবন্ধের মাধ্যমে উঠে আসে।
তাছাড়া সামজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ জন্মের প্রেক্ষাপট থেকে শুরু করে এগিয়ে যাওয়া এবং বর্তমান অবস্থানে আসা, এসব মাধ্যমগুলোকে ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক দিক, অতিরিক্ত ব্যবহারের সমস্যা, বিভিন্ন বিষয়ে ফেসবুক কর্মকর্তা এবং মনোবিজ্ঞানিদের বক্তব্য, এর ক্ষতিকর দিক, বাবা-মায়ের সাথে ছেলে-মেয়েদের সম্পর্কের অবনতি ইত্যাদি বিষয়ে তাঁর সাবলীল বক্তব্য প্রবন্ধে তুলে ধরেন।
সর্বশেষ ক্ষতিকর দিকগুলো থেকে বেড় হয়ে কীভাবে সোশ্যাল মিডিয়াকে পরিমিত মাত্রায় ব্যবহার করে আমাদের কাজে লাগানো যায় এবং এর ক্ষতিকর দিকগুলো থেকে বেড় হয়ে আসতে পারি সে বিষয়ে আলোকপাত করেন।
সংগঠনের সমন্বয়কারী দিনা তাজরিনের সভাপতিত্বে এবং ঈষীকা শিঞ্জন ষড়জের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেইলী স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সমগীতের কেন্দ্রীয় সভাপতি শিল্পী অমল আকাশ এবং শ্রুতি সাংস্কৃতিক একাডেমির উপপরিচালক জোনায়েদ আহমদ।
পরে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, কবি মিলন মাহমুদ, সাংস্কৃতিক কর্মী জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
সময়োপযোগী বিষয় নিয়ে প্রবন্ধ লেখার জন্য লেখককে ধন্যবাদ জানিয়ে আলোচকরা বলেন, আমরা মনে করি সোশ্যাল মিডিয়া আমাদের কাছাকাছি নিয়ে আসছে। আসলে একথাটা ঠিক নয়-কারণ ক্ষেত্র বিশেষ আমাদের সবার কাছ থেকে সবাইকে দূরে ঠেলে দিচ্ছে। এখন আমরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করেও বিভিন্ন অনুষ্ঠানে জমায়েত করতে পারি না।
এখন মানুষের গোপনীয়তা বলে কিছুই নেই। সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে বা আমাদের অজান্তে কোন না কোনভাবে গোপনীয় তথ্য নিয়ে যাচ্ছে। মানুষকে অতীতের ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে না।
বৈশ্বিক সংস্কৃতির সাথে স্থানীয় সংস্কৃতির ফারাক তৈরি করছে। দেশীয় সংস্কৃতি ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের স্রোতের বিপরীতে আমাদের যাওয়া সম্ভব হবে না । কিন্তু কীভাবে আমরা এটার ব্যবহার করবো সেটা জানা দরকার।
আলোচকরা আরও বলেন, একটি গরুর গাড়ির চাকা যেমন কাঁদায় আটকে গেলে উঠতে পারে না অর্থাৎ সামনে পেছনে কোনদিকেই যেতে পারে না; ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরাও চাইলেই এর থেকে বেড় হয়ে আসতে পারে না।
বিশেষ করে কিশোর এবং তরুণরাই গরুর গাড়ির চাকার মতো ফাঁদে আটকে যায়। সেমিনারে উপস্থিত অধিকাংশই ছিলেন কিশোর ও তরুণ। তাদের উদ্দেশ্যে এলগরিদম, ডাটাইজম, নেটিজেন ইত্যাদি শব্দের উৎপত্তি এবং তথ্যপ্রযুক্তিতে ব্যবহারিক দিকও বিশ্লেষণ করেন বক্তারা।


