Logo
Logo
×

নগর জুড়ে

‘কামাল লোহানী ছিলেন নারায়ণগঞ্জের সুহৃদ’

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১১:১৪ পিএম

‘কামাল লোহানী ছিলেন নারায়ণগঞ্জের সুহৃদ’
Swapno

লেখক, সাংবাদিক, গণ-সংস্কৃতি সংগঠক, একাত্তরের শব্দ সৈনিক এবং উদীচীর সাবেক কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী স্মরণে সভা অনুষ্ঠিত হয়েরছ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল চারটায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের জেলা সভাপতি জাহিদুল হক দীপুর সভাপতিত্বে এবং নারয়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়উল ইসলাম কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, কামাল লোহানীর ছেলে সাগর লোহানী, মেয়ে বন্যা লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মঞ্জুশ্রী দাস গুপ্তা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সমমনার সভাপতি দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সদস্য একরাম হোসেন, নারায়ণগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক পলাশ দে প্রমুখ।

 

‘কামাল লোহানী ছিলেন নারায়ণগঞ্জের সুহৃদ’ উল্লেখ করে স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, তাঁর জীবদ্দশায় তিনি নারায়ণগঞ্জে অনেকবার এসেছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন অন্যায়, অত্যাচার এবং হাত্যার প্রতিবাদে সাহসী উচ্চারণ করেছে। ত্বকী হত্যা এবং পরবর্তীতে বিচারহীনতার প্রতিবাদে দেশের যে কয়জন বুদ্ধিজীবী এবং বিশিষ্ট নাগরিক সোচ্চার ছিলেন-কামাল লোহানী ছিলেন তাদের মধ্যে অন্যতম।

তাছাড়া কথা বলেছেন সাতখুনসহ অন্যান্য হত্যাকাণ্ডের প্রতিবাদেও। বন্দরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একজন প্রভাবশালী সাংসদ যখন কান ধরে ওঠবস করিয়েছে, এর প্রতিবাদে তিনি নারায়ণগঞ্জে ছুটে এসছেন। প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যে ব্যক্তি একজন শিক্ষককে কান ধরে ওঠবস করিয়েছে, তাকে এ দেশের মানুষ কান ধরে ওঠবস করাবে সেদিন বেশি দূরে নয়।

 

মুক্তিযুদ্ধের সময় কামাল লোহানীর অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান হিসেবে তিনি জাতির জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর নাম বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতহাস লেখা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের পর দেশের অনেক বুদ্ধিজীবী বলেছেন, যুদ্ধের সময় আরও একটি সেক্টর ছিল।

 

সেটি হলো ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’। আর কামাল লোহানী ছিলেন, মুক্তিযুদ্ধের সেই সেক্টরের কমানান্ডার। স্বাধীনতার পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করেছেন। কোথাও মানুষের জন্য কাজ করতে না পারলে সাথে সাথে তিনি প্রতিবাদ করতেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে দেশের মানুষের স্বপ্নের কাজে লাগানোর জন্য স্বাধীনতার পরেও তিনি আমৃত্যু কাজ করেছেন।

 

বক্তারা আরও বলেন, কামাল লোহানীর নিখুঁত সমাজ বিশ্লেষণের ক্ষমতা আমাদের সমৃদ্ধ করেছে। ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই সংগ্রামে ছিলেন। প্রতিটি ক্ষেত্রে তিনি মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়েছেন। তিনি ছিলেন, একাধারে-সাংবাদিক, রাজনীতিক এবং সাংস্কৃতিক সংগঠক।

 

দেশের যে কজন বুদ্ধিজীবী নিজেকে আত্মবিকৃতি এবং  সরকারি আনুকুল্য গ্রহণ না করে ন্যায় কথা বলেছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। কামাল লোহানী মানুষকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তিনি যেভাবে শির উঁচু করে পথে দাঁড়িয়েছিলেন, হেঁটেছেন আমরা যাতে সেটি অনুসরণ করি।

 

আজকের এ শোকের অনুষ্ঠান থেকে আমরা শপথ নেব কীভাবে আমরা সম্মিলিতভাবে সংকট উত্তরণের জন্য পথে নামতে পারি। আমরা যদি সেই প্রতিজ্ঞাটা নিতে পারি তাহলেই কামাল লোহানীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হবে।

 

অনুষ্ঠানের শুরুতে কামাল লোহানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে তাঁর কর্মময় জীবনের আখ্যান পাঠ করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় এবং গান পরিবেশন করেন দেবীকা পোদ্দার।

 

এর আগে কামাল লোহানীর প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ তাঁর সহযোদ্ধারা। অনুষ্ঠান শেষে তার জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

উল্লেখ্য, এবছরের ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক পান কামাল লোহানী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন