মেয়র নির্বাচনের জন্য দুঃখ প্রকাশ করছি : চন্দন শীল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৯:৩৮ পিএম
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল বলেছেন, আপনারা এখন যার বিরুদ্ধে অভিযোগ করছেন এক সময় তাকে মেয়র নির্বাচন করার জন্য আমরা আপানাদের অনুরোধ করেছিলাম সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারাণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ ধরণের মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ধরাকে সরা জ্ঞান করবেন না। আদালতে মামলা চলবে আদালতেই তা ফয়সালা করবেন। কোন আপত্তি নাই। এই জিউস পুকুর আমরা বংশ পরম্পরায় ব্যবহার করে আসছি উল্লেখ করে তিনি বলেন, কিন্তু দখলের নামে সংখ্যা লঘু বলে কাউকে হত্যার হুমকি দিবেন, গুলির হুমকি দিবেন, নির্যাতনের হুমকি দিবেন, এটা হতে পারে না।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার আমলে এ ধরণের অনাচার চলতে দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. নিম চন্দ্র ভৌমিক, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ জেলা ও মহানগর এবং উপজেলার নেতৃবৃন্দ।


