ত্বকী হত্যার বিচার না হওয়া দুঃখ ও পরিতাপের বিষয় : রফিউর রাব্বি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১০:৪৩ পিএম
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার পর থেকে গত ৯২ মাস যাবৎ সাংস্কৃতিক জোটসহ ত্বকী মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এ নারায়ণগঞ্জসহ দেশে এবং দেশের বাইরে বিচার চেয়ে আসছি।
যারা এ বিচার চেয়েছেন বিভন্ন সময় তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু এখনও এ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য এটি অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়।
রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৯২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ ও মোমশিখা প্রজ্জ¦ালন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
রফিউর রাব্বি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের বিভিন্ন অর্জনগুলোকে ধ্বংস করছে এবং দুর্বৃত্তদের সাথে আতাত করেছে। সমস্ত ঘটনাগুলোই প্রমাণ করে সরকার মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে ক্ষমতায় আকড়ে থাকার জন্য, যাকে যাকে প্রয়োজন তাদেরকে সন্তষ্ট করার জন্য ব্যস্ত রয়েছে।
জনগণের নাভিশ্বাস, দুর্দশা দেখার জন্য এ দেশে এখন কোন সরকার নাই। তারা মনে করেছে যে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেই জনগণ পক্ষে আসবে। কিন্তু তারা যে আসছে না, এটা তারা উপলব্ধি করেছে। যার ফলে বিচার ব্যবস্থা বলি, আর ন্যায়ের শাসন বলি সমস্ত কিছুকে ভূলণ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, ত্বকী হত্যার বিচার এজন্য হচ্ছে না যে, ত্বকীর ঘাতক যারা তারা সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে জড়িত। এই ওসমান পরিবারকে এ সরকারের এত প্রয়োজন যে, তারা ঘাতক হোক, হত্যাকরী হোক, ছিনতাইকারী হোক, খুনী হোক, চাঁদাবাজ হোক তাদেরকে রক্ষা করতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে।
সরকারের এটি খুব প্রয়োজন হলেও, জনগণ এটিকে খুব খারাপভাবে গ্রহণ করেছে। বিচার আটকে দেয়ার প্রক্রিয়া-পদ্ধতি এর বিরুদ্ধে জনগণ অবস্থান গ্রহণ করেছে। ত্বকী হত্যার সাথে সাথে সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডে যারা জীবন দিয়েছে সেই চঞ্চল, মিঠু, আশিক, বুলু তাদের হত্যার আমরা বিচার চাই। এ বিচার করতে হবে, ধামাচাপা দিয়ে রাখা যাবে না বেশিদিন।
সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তারিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমমনার সভাপতি দুলাল সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জিয়াউল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ, ধীমান সাহা জুয়েল, কবি আরিফ বুলবুল, কাজল কানন, আহম্মেদ বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
এর পর থেকে ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র প্রদান, চিহ্নিত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।


