শহর পরিচ্ছন্ন রাখতে পুলিশের বিশেষ অভিযান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৮:৪৯ পিএম
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কসহ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ পরিচ্ছন্ন রাখতে দু'পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পুলিশ।
শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তা ও ফুটপাত দিয়ে চলাচল করতে পারে তার জন্যই অভিযান শুরু করা হয়েছে । ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
রোববার ( ৮ নভেম্বর ) অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় । বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কের দু'পাশসহ চাষাড়া শহীদের আশপাশ এবং ভাষা সৈনিক রোড বালুর মাঠ এলাকার অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা চায়ের ও খাবারের দোকান গুলোকে উচ্ছেদ করা হয়েছে ।
এসময়ে শহীদ মিনারের আশপাশের অবৈধ স্থাপনা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে । এবং রাস্তা ও ফুটপাত দখল করে দোকান না বসানোর জন্য আহ্বান করা হয়েছে । পরবর্তীতে যদি কেউ আবারোও দোকান বসানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশক্রমে সাধারণ মানুষ যাতে করে নির্বিঘ্নে রাস্তা ও ফুটপাত দিয়ে চলাচল করতে পারে তার জন্যই এ অভিযান । এ অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবৈধ স্থাপনা ও হকারমুক্ত করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা ।


