ইপিজেড এর ডিএনভি ক্লথ চালুর দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৭:৩৪ পিএম
লে-অফের নামে আদমজী ইপিজেড-এর অনন্ত গ্রুপের ডিএনভি ক্লথ (গার্মেন্টস) চালুর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ডিএনভি ক্লথ গার্মেন্ট এর শ্রমিক মাহিনূর আক্তার।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কারখানার শ্রমিক রিনা, চম্পা ও নার্গিস।
সমাবেশে বক্তারা বলেন, লে-অফের নামে অনন্ত গ্রুপের এই কারখানাটি বে-আইনিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে করোনাকার এই দু:সময়ে কারখানার পাঁচ সহস্রাধিক শ্রমিককে চরম অনিশ্চয়তায় ঠেলে দেয়া হয়েছে। তারা মনে করেন, কারখানার পুরোনো শ্রমিকদের পাপ্য পাওনা থেকে বঞ্চিত করে তাদেরকে ছাঁটাই করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় বক্তারা অবিলম্বে এই কারখানা চালু করে সকল শ্রমিককে চাকুরিতে বহাল রাখার দাবি জানান।


