Logo
Logo
×

নগর জুড়ে

গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৮:২৫ পিএম

গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
Swapno

গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টে’র উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩ টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা (শ্রমিক নেতা) আহসান হাবিব বুলবুল।

 

আরও বক্তব্য রাখেন জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বাসদ নেতা বেলায়েত হোসেন, বোম্বে সুইটস শ্রমিক ইউনিয়নের সভাপতি রতন মিয়া, জেলা রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এস এম কাদির, রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতা মেহেদী হাসান।

 

সমাবেশে আহসান হাবিব বুলবুল বলেন, ২০০৩ সালে পঞ্চবটি বিসিকে প্যানট্যাক্স ড্রেস লিঃ এর শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসসহ ১৮ দফা দাবিতে ৩ নভেম্বর কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কর্তৃপক্ষ পুলিশ দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করে।

 

এ সময় পুলিশের গুলিতে প্যানট্যাক্স গার্মেন্টস শ্রমিক আমজাদ হোসেন কামাল নিহতসহ ২শতাধিক শ্রমিক আহত হয়। গুলি চালিয়ে আন্দোলন দমন করাতো যায়ইনি উল্টো বিসিকের আন্দোলন সারা নারায়ণগঞ্জের আন্দোলনে পরিণত হয়।

 

তিনি বলেন, আন্দোলনের তীব্রতায় ৩, ৪ ও ৫ নভেম্বর নারায়ণগঞ্জ অচল থাকার পর ৬ নভেম্বর বিকেএমইএ অফিসে ত্রি-পক্ষীয় বৈঠকে গার্মেন্টসে আট ঘণ্টা কাজ, ওভার টাইমে দ্বিগুণ মজুরি ও দুই ঈদে দুই বোনাসের দাবি মেনে নিয়ে মালিক পক্ষ চুক্তিতে স্বাক্ষর করে। এরপর থেকেই এই দিনটি গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবস হিসাবে পালিত হয়।

 

এখনও অনেক কারখানায় এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে শ্রম আইনের সুফল এখনো শ্রমিকরা ভোগ করতে পারছে না। মালিকরা এই আইনের ২৩ ও ২৭ ধারার অপ-প্রয়োগ করে শ্রমিকদের বঞ্চিত করছে। যখন-তখন ছাঁটাই, জোর করে স্বাক্ষর রাখা, প্রাপ্য পাওনা না দিয়ে কারখানা থেকে বের করাসহ অবসরের পর বছরের পর বছর শ্রমিকের প্রাপ্য না দিয়ে ঘুরাতে থাকে। শ্রম আদালতে গেলেও ২/৪ বছরেও রায় পায় না।


 
এ সময় বক্তারা বলেন, করোনাকালে গার্মেন্টস শ্রমিকদের ৪০% টাকা কেটে নেয়া হয়েছে। গার্মেন্টসের ৩ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই হয়েছে। ছাঁটাইয়ের পর কর্মরতদের উপর চাপ সৃষ্টির মাধ্যমে অমানুষিক পরিশ্রম করিয়ে উৎপাদন বৃদ্ধি করছে।

 

তারা বলেন, মালিকরা তাদের রপ্তানি কমার অজুহাত দেখালেও বিজেএমইএ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ঘোষণায় আগস্ট মাসে তাদের ৩.২৪ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। গত বছর আগস্ট মাসে যা ছিল ২.২৪ বিলিয়ন ডলার। অর্থাৎ তাদের রপ্তানি বেড়েছে ৪৪.৬৮%। 

 

 
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দাবির প্ররিপ্রেক্ষিতে সরকার ঘোষণা করেছে মাত্র ৮ হাজার টাকা। বর্তমান বাজারের আকাশচুম্বি দরে এখন শ্রমিকের মজুরি বৃদ্ধি করা প্রয়োজন। ৩ নভেম্বর সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ন্যায্য মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে এবং সমস্ত রকম শোষণ বঞ্চনার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে বরে তারা উল্লেখ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন