খানপুর হাসপাতালে সাধারণ চিকিৎসা চালুর দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৯:০৯ পিএম
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালটি সাধারণ রোগীদের চিকিৎসা ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকবৃন্দ।
রোববার (১অক্টোবর) সকাল দশটায় হাসপাতাল রোডে এ মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধন থেকে বক্তারা এখানে কোভিড এর পাশাপাশি সাধারণ রোগীর চিকিৎসা ব্যবস্থা চালু করা করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, খানপুর হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসার কার্যক্রম চালু না থাকায় নারায়ণগঞ্জবাসী প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। ত্ই দ্রুত এই হাসপাতালটিতে সাধারণ রোগীদের জন্য উম্মুক্ত করার দাবী জানানো হয়।
মানববন্ধন থেকে তারা নারায়ণগঞ্জ-৫ সংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ সংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভিকে এদিকে দৃষ্টি দেয়ার অনুরোধ জানান।
খানপুর হাসপাতালটি কোভিড-১৯ হাসপাতাল চালুর পর থেকেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবী ছিল এই হাসপাতালটি কোভিড হাসপাতাল না করার। কিন্তু ওই দাবী উপেক্ষিত করে সাধারণ রোগীর চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে গোটা হাসপাতালটি কোভিড রোগীদের জন্য রূপান্তরিত করা হয়।
বর্তমানে এখানে ১০ জন রোগীর জন্য প্রায় ২৬০ জন কর্মকর্তা কর্মচারিসহ স্টাফ নিয়োজিত রয়েছে। কিন্তু হাসপাতালটি কোভিড করার পর চরম দূর্ভোগে পরেছেন এ রোগীরা।
প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১৩ এপ্রিল খানপুর এই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে রূপান্তরিত করা হয়। তখন থেকেই এ হাসপাতালে করোনা রোগী ছাড়া অন্য সব রোগীর চিকিৎসা বন্ধ ছিল। পরে এ হাসপাতালে চালু হয় ১০ শয্যার একটি আইসিইউ ওয়ার্ড।
বক্তারা বলেন, দশজন কোভিড রোগীর জন্য গোটা নারায়ণগঞ্জবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে না। তাই এই হাসপাতালটি পূর্বের ন্যায় সব ধরণের চিকিৎসা সেবা চালু করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক নেফাউল হাসান জুয়েল, খানপুর হাসপাতাল রোড ওষুধ দোকান মালিক সমিতির সভাপতি মো: হাসান, খানপুর পোলষ্টার ক্লাবের সহ-সভাপতি মো: কামরুজ্জামান, হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম নারায়ণগঞ্জের সভাপতি ডা: দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন, মাতৃসেবা ক্লিনিক এর মালিক শংকর সেন, মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: আজম, ইমন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো: রবিন, মো: কবির হোসেন, মো: দ্বীন ইসলাম, মো: সালাউদ্দিন, অন্তু হাসান, মোক্তার হোসেন, মো: রাসেল, সঞ্চালনায় ছিলেন, খানপুর পোলষ্টার ক্লাবের সহ-সভাপতি টিপু সুলতান।


