স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
দায়িত্বে অবহেলার অভিযোগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় পশ্চিম তল্লা এলাকায় তার নিজ বাড়ির সামনে রেল লাইন এলাকা থেকে সিআইডি পুলিশ।
নারায়ণগঞ্জ সিআইডির পুলিশের এসপি মো. নাসির উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ মামলায় দায়িত্ব অবহেলার অভিযোগে শুক্রবার রাত এগারোটায় নিজ বাড়ির সামনে থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ পরিদর্শক মো. বাবুল হোসেনের নেতৃত্বে একটি টিম আব্দুল গফুরকে গ্রেফতার করে। শনিবার দুপুর একটায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের অফিসে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে সিআইডি পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হবে।
গত ৪ সেপ্টেম্বর বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।
এই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর রাতে ফতুল্লা মডেল থানায় এস আই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাত ব্যক্তিরা দায়ী বলে উল্লেখ করা হলেও অবহেলার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ, ডিপিডিসি ও মসজিদ কমিটি দায়ী থাকতে পারে বলে উল্লেখ করা হয়। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের দায়ের করা এই মামলায় এ পর্যন্ত তিতাসের ৮ কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত হওয়া ১ জন মিটার রিডার, ২ জন ইলেক্ট্রিক মিস্ত্রীসহ ১১ জনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। গ্রেফতার হওয়া ১১ জন আসামিই বর্তমানে জামিনে রয়েছেন।


