Logo
Logo
×

নগর জুড়ে

শহরে অবৈধ রিকশা চলতে দেয়ার দাবি সংগ্রাম পরিষদের

Icon

জহিরুল হক 

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৭:২৯ পিএম

শহরে অবৈধ রিকশা চলতে দেয়ার দাবি সংগ্রাম পরিষদের
Swapno

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ রিকশা চলতে দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও মিছিল করেছে রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এই দাবি জানান। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবিধানে লেখা আছে প্রত্যেক নাগরিকের যোগ্যতা অনুসারে ন্যায্য মজুরির বিনিময়ে কাজের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

তারা বলেন, কর্মসংস্থানে রাষ্ট্রের এই ব্যর্থতার কারণেই দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে রিক্সায় ব্যাটারী লাগিয়ে অমানবিক পরিশ্রম কিছুটা লাঘব করার চেষ্টা করেছে। এখন এই ব্যটারী চালিত রিক্সা এবং ইজিবাইক চলাচলে বাধা দেয়া হচ্ছে, ব্যাটারী খুলে নেয়া হচ্ছে। এগুলিকে অবৈধ বলা হচ্ছে।

বক্তারা বলেন, রিক্শার বিরুদ্ধে যানজটের অভিযোগ লাগানো হয়েছে। অথচ গবেষকদের মতে শুধু ঢাকার রাস্তায়ই আড়াই লাখ ব্যক্তিগত গাড়ি চলে। প্রতিবছর নতুন করে গড়ে ১৫ থেকে ২০ হাজার ব্যাক্তিগত গাড়ির লাইসেন্স দিচ্ছে বিআরটিএ। এগুলোকে যানজটের জন্য দায়ী করা হচ্ছে না।

অন্যদিকে ঢাকার রাস্তায় চলাচলরত প্রায় ১১ লাখ রিকশার ওপর প্রত্যক্ষভাবে নির্ভর করে প্রায় ২২ লাখ রিকশাচালকের জীবন-জীবিকা। এর সাথে সারা দেশের রিকশা-ভ্যান যুক্ত করলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ৩২ লাখ।

তারা বলেন, রিকশা মেরামত, বডি তৈরি, টায়ার, টিউব ও পার্টস উৎপাদন এবং বিক্রি, গ্যারেজ নির্মাণ ও ভাড়া খাবারের ব্যবসাসহ ৪১ ধরণের কাজ এ পেশার সাথে যুক্ত আছে। ৩২ লাখ পদচালিত রিকশা-ভ্যানের পাশাপাশি বর্তমানে সারাদেশে প্রায় ১৫ লাখ ব্যাটারী চালিত রিকশা-ভ্যান আছে।

এসময় তারা প্রশ্ন করেন, মানুষ তাদের পরিশ্রম কমানোর জন্য, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে আয়-রোজগার একটু বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করলে তাতে বাধা কেন? উন্নয়ন ও প্রযুক্তি কী শুধুমাত্র ধনিদের জন্য। যুগের সাথে তাল মিলিয়ে প্রায় ৫০ লাখ ব্যাটারীচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক চালক পরিবারের সদস্যসহ প্রায় দ্বিগুন পরিশ্রম কমিয়ে যাত্রীদের সময় বাঁচিয়ে দেয়ার জন্য পরিবেশ বান্ধব উপায়ে রিকশা যদি আধুনিক হয়, তাহলে কেন তা অবৈধ ঘোষণা করা হবে?

বক্তারা আরো বলেন, কথায় কথায় দেশের উন্নয়ন আর ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়, আধুনিক প্রযুক্তির কথা বলা হয়, তাহলে খেটে খাওয়া গরিবের ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ কোন যুক্তিতে? ২ কোটি ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এই সেক্টরের সঙ্গে। ফলে এদেরকে রাস্তা থেকে উচ্ছেধ করার আগে এ বিষয় গুলো কি বিবেচনায় নেয়া হবে না?

দেশের অর্থনীতিতে রিকশা শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, প্রতিটি পদচালিত রিকশার নির্মাণ খরচ ২০ হাজার টাকা হলে সারাদেশের ২০ লাখ রিকশা-ভ্যান নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকা, আর ব্যাটারীচালিত রিকশা ইজিবাইকসহ এই সেক্টরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ২২ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিনিয়োগ আছে।

তারা বলেন, এছাড়াও একজন চালক গড়ে ৩০০ টাকা আয় করলে ৪৭ লাখ চালক দিনে ১৪১ কোটি এবং বছরে ৫১ হাজার ৪৬৫ কোটি টাকা আয় করে। এই টাকা খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ জীবন-জীবিকা নির্বাহের জন্য ব্যয় করে একদিকে শহরের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

বক্তারা আরো বলেন, আমাদের অলাভজনক মুখ থুবড়ে পড়া কৃষি এখনো চলছে রিকশাচালকদের পয়সায়। একজন রিকশাচালক গড়ে মাসে ৩ হাজার টাকা গ্রামে পাঠালেও শুধু ঢাকার রিকশা চালকরা বছরে প্রায় ৮ হাজার কোটি টাকা গ্রামে পাঠায়। এই টাকার একটা অংশ ব্যবহৃত হয় কৃষিতে, যার সুফল পায় গোটা দেশ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহবায়ক মেহেদি, নারায়ণগঞ্জ গামের্ন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি- রোলিংস্টিল মিলস ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা হাসনাত কবির, মেহেদি হাসান, কবির সজিব  প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন