নিতাইগঞ্জে হাতি সল্ট নামে দুলাল সাহা’র মালিকানাধীন মেসার্স উত্তরা লবন কারখানাকে প্রতারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন , জেলা ক্যাব ও জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশেনায় আমরা অভিযান অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকার মেসার্স উত্তরা লবণ কারখানায় গিয়ে দেখা যায় তারা কোন প্রকার কেমিক্যাল টেস্ট ছাড়াই লবণের প্যাকেটের উপর এর উপাদানসমূহ লিখে রেখেছে।
তাদের কারখানায় আমরা কোন ল্যাবরেটরীর অস্তিত্ব পাইনি। এভাবে কোন পরীক্ষা ছাড়া প্যাকেটের উপর মিথ্যা তথ্য প্রদান করা ভোক্তাদের সাথে প্রতারণার সামিল। তাই জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক এই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।


