ধর্ষকদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৮:২৬ পিএম
সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবীতে নগরীতে মানবন্ধন করেছে সমমনা, নারায়ণগঞ্জ। সংগঠনের সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে শনিবার (১০ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমমনা’র সহসাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, সদস্য হাফিজুল হক, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, কবিয়াল ফাউন্ডেশন-এর সভাপতি বাপ্পি সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনা’র সহ-সভাপতি কামরুল ইসলাম, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক কবি রঘু অভিজিৎ রায়, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, মহিলা পরিষদ, শহর কমিটির সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, শহর ন্যাপ-এর জাবেদ বাবু, বাসদ, নারায়ণগঞ্জের সমন্বয়ক নিখিল দাস, শহর কমিউনিস্ট পার্টির সভাপতি আঃ হাই শরীফ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পদাক ও সমমনা’র উপদেষ্টা হিমাংশু সাহা, সম্মিলিত সামাজিক আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও সমমনা’র উপদেষ্টা দেলোয়ার হোসেন চুন্নু, খেলাঘর, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও সমমনা’র উপদেষ্টা রথীন চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, এই দেশে কারা থাকবে ধর্ষক নাকি ধর্ষিতরা। এটি আমাদের মাঝে একটি প্রশ্ন হয়ে দাড়িয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম সেই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করবে।
আমরা যে চেতনা ধারন করে যুদ্ধ করে ছিলাম, সেই লড়াই আজ ব্যর্থতার দিকে যাচ্ছে। আমরা এক ভয়াঙ্ক পরিবেশের মধ্য দিয়ে সময় পার করছি। একটি দেশের নৈতিক মান কোথায় গিয়ে দাড়িয়েছে। যেটা আমরা আজকে দেখতে পারছি।
নারী শিশু বৃদ্ধ ধর্ষণ হচ্ছে হত্যা হচ্ছে। আজকে যারা ধর্ষণ সাথে যুক্ত তাদের ১৮ থেকে ২০ বছর বয়স। এই ধর্ষকদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।


