শহরের হকার উচ্ছেদে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আবারো শুরু হয়েছে হকার উচ্ছেদ অপারেশন (ক্লিন সুইপ)। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ফুটপাতে নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কের উভয় পাশে এই অভিযান চালানো হয়।
অভিযানে শহরের চাষাঢ়া শহীদ মিনার হতে নিতাইগঞ্জ পর্যন্ত ভ্রাম্যমাণ অবৈধ হকারদের হাত থেকে ফুটপাত দখলমুক্ত করা হয়। এই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির মালিক ও ড্রাইভারদেরকেও সতর্ক করে দেয়া হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ। এসময় সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি আলমগীর হোসেনসহ কর্মকর্তা ও পুলিশের ফোর্সগণ সাথে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, এই ফুটপাত মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এখানে যারা বৈধ দোকানদার আছে তারাও ফুটপাতের ৩০ থেকে ৫০ শতাংশ জায়গা দখল করে নিয়েছে। তাদের সতর্ক করে দিয়েছি।
আজ শুধু উচ্ছেদ করা হয়েছে এরপর থেকে মামলা হবে। এই অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি এই বিষয়ে সকল পেশার লোকদের সহযোগিতা কামনা করেন। শুধু বঙ্গবন্ধু সড়কই নয় শহরের গুরুত্বপূর্ণ সকল সড়কই দখলমুক্ত করা হবে বলে তিনি জানান।
শনিবার সকাল থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। একটি দল চাষাঢ়া থেকে শুরু করে নিতাইগঞ্জের দিকে যান। আরেকটি দল নিতাইগঞ্জ থেকে শুরু করে চাষাঢ়া’র দিকে আসেন। এসময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়।


