কাঠামোগত হত্যাকান্ড ব্যবস্থার মধ্যে আছি : আনু মুহাম্মদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১০:৩৯ পিএম
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশে এখন একটা সংকট হচ্ছে কিছুতেই কিছু হবে না। মানুষের মধ্যে এমন একটা অনুভতি কাজ করছে। এটা হচ্ছে সরকারে বিজয়ের একটা বার্তা। সরকার চায় মানুষের মধ্যে এটা থাকুক কিছুতেই কিছু হবে না। পরিবর্তন যে সম্ভব এটা মানুষের মধ্যে যাতে কোনভাবে না আসে।
আমরা কাঠামোগত হত্যাকান্ড ব্যবস্থার মধ্যে আছি। এটাকে অতিক্রম করা সেটাকে পরিবর্তন করা প্রধান কাজ। জনগণের মধ্যে স্বপ্ন এবং আকাঙ্খা তৈরি না হয় পরিবর্তনের তাহলে সেই শক্তি তৈরি হয় না।
যখন জনগণের মধ্যে শক্তি তৈরি হবে। তখন হাজারো পুলিশ, হাজারো ভয়ভীতি আতঙ্ক সেগুলো কোন কিছুইতে কিছু হবে না। এই রকম একটা স্বপ্ন মানুষের মধ্যে তৈরি করতে হবে। যেখানে নারী, পুরুষ শিশুবৃদ্ধ সকলেই সম্মানে সাথে বসবাস করতে পারে।
শুকবার (৯ অক্টোবর) বিকালে শেখ রাসেল পার্কে এক গণসংলাপে তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার।
আনু মুহাম্মদ আরো বলেন, যারা সরকারে আছে যে কাঠামোতে হত্যাকান্ড হচ্ছে সেটা হচ্ছে একটা চিরস্থায়ী বন্দোবস্ত। সেটাকে চ্যালেঞ্জ করা এই ধারণাকে প্রত্যাখান করা এবং তার বিপরীতে জনগণের শক্তি তৈরি করা।
তার আকাঙ্খা তৈরি করা তার স্বপ্ন তৈরি করা। সেটা হচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গায় আছি তাদের কাজ। স্বপ্নটা হতে হবে জনগণের। আমাদের দেশে এই যাবত কাল পর্যন্ত বঙ্গবন্ধু স্বপ্ন, শহীদ জিয়ার স্বপ্ন,পল্লী বন্ধু এরশাদ স্বপ্ন, দেশ নেত্রী খালেদা জিয়া স্বপ্ন, জননেত্রী শেখহাসিনা স্বপ্ন এই স্বপ্ন গুলো বাস্তবায়নের কথা আমরা শুনি। জনগণের মধ্যে স্বপ্ন তৈরি এখন শুরু হয়নিই।


