তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্র শুরু থেকেই রাজনৈতিক বিরোধিতা দমনের নামে মানুষকে গুলি করে মারার নীতি চালু করেছে। এখনো সেই নীতি বহাল আছে।
যারাই ক্ষমতায় আসে তারাই তা বহাল রাখছে। বলতে পারেন ’৭৩ সাল থেকেই তা শুরু হয়েছে। রাজনৈতিক বিরোধিতা বলেন, মাদকের সমস্যা বলেন, সন্ত্রাস দমনের কথা বলেন, জঙ্গী দমনের কথা বলেন এমনকি দুর্নীতি দমন কিংবা ধর্ষন দমনের ক্ষেত্রেও এই সব লোকেরা ক্রসফায়ারকে সমাধান হিসেবে সামনে নিয়ে এসেছে। জঙ্গলের আইনও এত খারাপ না। এরমতো নৃশংস ব্যবস্থা আর হতে পারেনা।
শুক্রবার (৯ অক্টোবর) দেওভোগ শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত এক গণসংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটা যুদ্ধ করে এই রাষ্ট্রের পত্তন করতে হয়েছে। সেই যুদ্ধ পরিস্কার একটা ঘোষণার উপর দাড়িয়ে হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার।
তিনি বলেন, সাম্য মানে এ রাষ্ট্রের যারা নাগরিক হবে তাদের সকলের অধিকার এবং সুযোগের সমতা থাকবে। নাগরিকদের মানবিক মর্যাদার অর্থ হলো এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তাদের যে অধিকারগুলো আছে সেগুলো বুখে পাবে।
সে নাগরিক মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খৃষ্টান হোক না কেন, তার যে ধর্মীয় পরিচয়ই থাকুকনা কেন, তার লিঙ্গ পরিচয় বা জাতিগত পরিচয় না তার পরিচয় বাংলাদেশী। তিনি বলেন, এই দেশে কেবল বাঙ্গালিরাই বসবাস করেনা।
বাঙ্গালির বাইরেও মারমা, চাকমাসহ প্রায় ৭১টা গোষ্ঠী বাস করে। আমরা তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে ছেড়ে দিয়েছি। সংবিধান বলেছে, বাংলাদেশের নাগরিকরা বাংলদেশী হিসেবে পরিচয় দিবেন। আর জাতি হিসেবে হবেন বাঙ্গালী।
তিনি আরো বলেন, তারমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরাও বাঙ্গালী হিসেবে পরিচিতি লাভ করবে। তারমানে ধমর্, বর্ণ, জাতি, ভাষা এমনকি শ্রেণিগত পরিচয় প্রত্যেক নাগরিকের মর্যাদা এই রাষ্ট্র নিশ্চিত করবে তার অধিকার বুঝিয়ে দিয়ে তার জীবনের নিরাপত্তা দিয়ে।
আর তৃতীয়ত হলো সামাজিক ন্যায় বিচার যা শুধু আদালতের ন্যায় বিচার নয়। অর্থনৈতিক ক্ষেত্রসহ সবক্ষেত্রেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব।
তাই যে ঘোষণা নিয়ে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ নারী, শিশু ও বৃদ্ধ নির্যাতনের শিকার হওয়ার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটা কায়েম হয়েছে। আমাদের রাষ্ট্রটা আজ সে প্রতিশ্রুতির উপর দাড়িয়ে নেই।
তিনি বলেন, যুদ্ধের প্রায় পঞ্চাশ বছর পর আজ রাষ্ট্রের মূল কথা হচ্ছে আইনীভাবেই আপনাকে হত্যা করা সম্ভব। আইন এমনভাবে তৈরী করে রাখা হয়েছে যে, আইনের মধ্য দিয়ে আপনাকে হত্যা করা সম্ভব।
জনগণ আইনের মধ্য দিয়ে সম্মতি দিয়েছে যে, একটি বাহিনী আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে পারবে। এজন্য পুলিশ বাহিনী অস্ত্র রাখতে পারে। এখন তারা আইনকে তোয়াক্কা না করে যে কাউকে ধরে নিয়ে গুলি করে মারতে পারে।
তিনি বলেন, তল্লা মসজিদ গড়ে উঠার সময় কোথায় ছিলেন গ্যাস বিভাগের কর্মকর্তারা? কোথায় ছিলেন নগর উন্নয়ন কর্তৃপক্ষসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা। তারমানে এদের চোখের সামনেই সব কিছু হয়েছে।
এসময় তিনি রানা প্লাজার কথা উল্লেখ করে বলেন, রানা প্লাজা করার সময় জমিটা দখল করা, তিনতলার অনুমতি নিয়ে নয়তলা তৈরী করা জেনারেটর এবং অন্যান্য সামগ্রী কোন নিয়মনীতির তোয়াক্কা না করা এমনকি বিল্ডিং ফাঁটল ধরার পরও জোর দেখিয়ে রাজনৈতিক কারণ দেখিয়ে হরতালের সময় শ্রমিকদের যেকোন মূল্যে কাজে ঢুকানো হলো।
প্রত্যেকটি পর্বের কারণে ১১৭৯জন শ্রমিকের মৃত্যু ঘটলো। কত শ্রমিক এখনো সেই দুঃসহ জীবন নিয়ে পঙ্গুত্ব বরণ করে জীবন-যাপন করছে। এর নাম কাঠামোগত হত্যাকান্ড।
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার।


