ত্বকী হত্যার ৯১ মাস উপলক্ষে সমাবেশ ও আলোকপ্রজ্বালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৭:২৩ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯১ মাস উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশ ও পরে আলোকপ্রজ¦ালনের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নিহত ত্বকীর বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ। রফিউর রাব্বি বলেন, বিচারহীনতা ও কর্তৃত্তবাদী শাসন দেশকে আজ ভয়াবহ পর্যায়ে এনে দাঁড় করিয়েছে।
শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় সারা দেশে যেভাবে ধর্ষণের বিস্তার ঘটেছে তা আতঙ্কজনক, উদ্বেগজনক ও ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। একে বাসোপযোগী সমাজ বলা চলে না। নারী, শিশু, যুবক আবালবৃদ্ধবনিতা সকলেই এই দেশটাতে আজ অনিরাপদ।
জনগণের নিরাপত্তা দেয়ার শপথ করে যারা ক্ষমতা গ্রহণ করেছিলেন তারাই পদে পদে শপথ ভঙ্গ করে চলেছেন, সংবিধান লঙ্ঘন করে চলেছেন, মানুষের জীবন দুর্বিসহ করে তুলছেন। এটাকে কোনভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলা চলে না। বিচারহীনতাকে সরকার প্রতিষ্ঠানিক রূপদিয়েছে।
স্বাধীনতার পূর্বে বিদেশী শাসকগোষ্ঠীর শাসনামলেও এমনি বিচারহীনতার নজির ছিল না। দলীয় দূর্বৃত্তদের রক্ষা করার জন্য সরকার সাড়ে সাতবছর ধরে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছে। তিনি বলেন এই করোনা দুর্যোগেও হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, ত্রাণচুরি কিছুই বন্ধ নেই।
সরকার দেশকে আজ ভয়াবহ পর্যায়ে নিয়ে এসেছে। আমরা ত্বকী সহ সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চন, বুলু, মিঠু হত্যার বিচার চাই। আড়াই বছর আগে নিখোঁজ আড়াই বছরের শিশু সাদমান সাকির উদ্ধার চাই।
হালিম আজাদ বলেন, সাড়ে ছয় বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরী করে রাখার পরেও তা আদালতে পেশ করা হয় নাই প্রধানমন্ত্রীর অনিচ্ছার কারণে এ হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে।
সরকার মুখে যাই বলুক না কেন এ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা যেহেতু সরকার দলীয়, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে আছে, সে কারণেই সাড়ে সাত বছর ধরে এ বিচার হচ্ছে না।
ত্বকী হত্যার এক বছরের মধ্যেই তদন্ত সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছে ওসমান পরিবারের লোকজন ত্বকীকে হত্যা করেছে। অথচ সে ঘাতক খুনীরা সরকারের সহায়তায় আজো ঘুরে বেড়ায়। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনাকে ত্বকী হত্যার বিচার করতে হবে।
ভবানী শংকর রায বলেন, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে আমরা ত্বকীর লাশ উদ্ধার করি।
এ হত্যাকাণ্ডের পর থেকে আমরা এ বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোকপ্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে দীর্ঘ সাড়ে সাত বছরেও এ হত্যার বিচার হয়নি।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. জিয়াউর ইসলাম কাজল, এড. প্রদীপ ঘোষ বাবু, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, বাসদ জেলা কমিটির সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান, সিপিবি শহর সম্পাদক সুজয় রায় চৌধুরী, ন্যাপ জেলা সম্পাদক এড. আওলাদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি দুলাল সাহা, সমগীত কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, কবি আরিফ বুলবুল প্রমূখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোকপ্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।


