Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

Icon

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৫ পিএম

নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি
Swapno

নারায়ণগঞ্জ শহরে একই সময় একই স্থানে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ ও আহলে সুন্নাত জামাআতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির এ ধারা জারি থাকবে।


হেফাজতে ইসলামের আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদীর গ্রেফতারের ইস্যুতে পাল্টাপাল্টি গণজমায়েত ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ ১৪৪ ধারা জারি করা হয়।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন সাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে বলা হয়, আহলে সুন্নত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় সভার আয়োজন করে। এছাড়া আরেকটি পক্ষও সভার ডাক দেয়। এ অবস্থায় পরিস্থিতি ঠিক রাখতে সিটি করপোরেশন ভবন হতে চাষাঢ়া শহিদ মিনার ও খানপুর ৩০০ শয্যা এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

এখানে কোন প্রকার জটলা, মিছিল মিটিং, সমাবেশ, কোনো মাইক বা কিছুই বাজানো যাবে না, যে কোন ধরনের অস্ত্র বহন, সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ। আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। 


এদিকে ১৪৪ ধারা জারি হলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলা প্রসাশনের ৩জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর আগে শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজাত নেতৃবৃন্দসহ আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে কোন ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উস্কানিও চলবে না।


জানা গেছে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে রোববার দুপুরে চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।

এদিকে শহরের ডিআইটি এলাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 


এদিকে ১৪৪ ধারা জারিকৃত এলাকাগুলো ঘুরে দেখা গেছে, চাষাড়া থেকে নগরভবন ও খানপুর পর্যন্ত পুলিশের একাধিক দল টহল দিচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে চাষাড়া চত্বরে রাখা হয়েছে পুলিশের সাজোঁয়া যান এবং জলকামান। এছাড়া ও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যানবাহন চলাচলে রয়েছে স্বাভাবিক গতি। 


প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমদ শফীর মৃত্যুর পর তাকে কটূক্তি করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি নিয়ে সমালোচনা শুরু হলে তা সরিয়ে নিয়ে আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করা হয়।

 

এই স্ট্যাটাসের কারণে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসা মসজিদের খতিব হেফাজতে ইসলামের নেতা হারুনুর রশিদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর এই মামলায় আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতারের পর একদিনের রিমান্ডে নেয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন