হাজীগঞ্জ এলাকার পানির সমস্যার কারণ কি তা খুঁজে বের করার দায়িত্ব নিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি মঙ্গলবার যুগের চিন্তাকে জানিয়েছিলেন, ‘হাজীগঞ্জে পানির সমস্যা থাকার কথা না। তারপরও আমি বুধবার লোক পাঠিয়ে খোঁজ নেব কেন সেখানে পানির সমস্যা হচ্ছে।’ মেয়র তার দেওয়া কথা রেখেছেন। তিনি গতকাল সকালে সিটি করপোরেশন থেকে তিন জনের একটি টিম হাজীগঞ্জে পাঠিয়ে কি কি সমস্যা তা নির্ণয় করিয়েছেন।
সূত্র জানায়, পানির সমস্যা সমাধানের লক্ষ্যে হাজীগঞ্জ থেকে ওয়াপদারপুল পর্যন্ত পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মো. মিজান।
এলাকাবাসীকে তিনে আশ্বাস দিয়েছেন পানির এই সমস্যা দ্রুত সমাধান করে দিবেন। তিনি এলাকাবাসীর সাথে ঘুরেঘুরে ত্রুটিগুলো চিহ্নিত করেছেন। খুব শিগগরিই এসব এলাকার পানির সমস্যা সমাধান কারা হবে বলে তিনি জানিয়েছেন।
হাজীগঞ্জ বাসিন্দা আব্দুল আওয়াল জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার মো. মিজান এলাকা পরিদর্শন করেছেন। আগামী দুইদিনের মধ্যে পানির এই সমস্যা সমাধান এর কথা জানিয়েছেন।
তাই এলাকাবাসী এই দুইদিন অপেক্ষা করবেন। না হলে আগামী রোববার পানির সংকটের কথা মেয়র সেলিনা হায়াত আইভীকে জানাবেন এলাকাবাসী।
প্রসঙ্গত, গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে ফতুল্লা থানার পশ্চিম হাজীগঞ্জ, নিউ হাজীগঞ্জ, আইইটিস্কুল, হাজীগঞ্জ মুক্তিয়োদ্ধা সড়ক পেপারমিল, চেয়ারম্যান বাড়ি থেকে ওয়াপদারপুল পর্যন্ত এলাকায় ওয়াসার পানির তীব্র সংকটে চরম দূর্ভোগে পড়েছেন প্রায় লাক্ষ মানুষ।
কল দিয়ে মাঝে মাঝে টিপ পিট করে কর্দমাক্ত ও শেওলা পানি আসে। পানিতে স্যুয়ারেজ এর গন্ধ থাকায় গোসলের ও কাজে আসছে না এই পানি।


