রেল লাইনের দু’পাশ দখল করে দোকান, দুর্ঘটনার আশঙ্কা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:১১ পিএম
করোনকালীলন সময়ে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচমাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে ফের চালু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের শহরের ২নং রেল গেট থেকে ১ নং রেল গেট পর্যন্ত অবৈধভাবে দখল করে রয়েছে দোকান।
শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ জায়গার মধ্যে ফলের দোকান, মুদীমালামাল, সবজির দোকান, ক্রোকারিজের দোকানসহ নানা পণ্যের সমাহার সাজিয়ে ঠিক রেললাইন ঘেঁষে-এমনকি রেললাইনের মধ্যে বসছে দোকানীরা। এখানে দিন-রাত বিরামহীন চলে বেঁচা-কেনা। ফলে যেকোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, রেললাইনের দুইপাশের নিত্যপণ্যের এসব দোকানে কেনাকাটা করছে ক্রেতারা। যে কেউ দেখে রেললাইন না বলে বাজার বললেও ভুল করবেন না। মনেহয় এটি অচল বা অব্যবহৃত রেল লাইন। এখান দিয়ে কোন রেল এখন আর চলাচল করেনা।
মুহূর্তের মধ্যেই ঢাকার দিক থেকে একটি ট্রেন এসে পরলে তড়িগড়ি করে শুধু রেল লাইনটুকু ছেড়ে পাশেই স্থান নেন ক্রেতা-বিক্রেতারা। ট্রেন আসার সাথেসাথেই ছাতার মতো বন্ধ করে ফেলে তাদের দোকানের উপরে টানানো অস্থায়ী সামিয়ানা। আবার যখন ট্রেন চলে যায় তখন সবগুলো একসাথে ছাতার মতো খুলে যায়। আর এভাবেই চলতে থাকে দিনভর।
ট্রেন যখন আসা-যাওয়া করে তখন ক্রেতা-বিক্রেতারা অনেকটা চলন্ত ট্রেনের লাগোয়া হয়ে সামিয়ানা ও বাঁশ গুটিয়ে দাঁড়িয়ে থাকে। এতটা কাছে তারা অবস্থান করে যে, অসাবধানতাবশত যদি মাত্র এক বিঘত এদিক-সেদিক হয় তাহলে নিমিষেই চলন্ত ট্রেনের সাথে লেগে ঘটে যাবে মারত্মক দুর্ঘটনা।
আবার সামিয়ানার বাঁশ বা কাঠ ট্রেনের সাথে লেগে জানানালা দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। দুর্ঘটনা কবলিক হতে পারে ভিতরে থাকা যাত্রীসাধারণরাও। তাছাড়া ট্রেন আসলে এখানে সতর্ক করার জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কেউ নেই। যে যার মতো করে সতর্ক করে ‘এই ট্রেন আইলো, এই আপনে সইরা দাাঁড়ান’ বলে।
শহরের বাবুরাইলের একজন বাসিন্দা জানান, এখানে দীর্ঘ বছর ধরেই এভাবে রেললাইন দখল করে দোকান বসানো হয়েছে। অনেকবার অভিযানও হয়েছে, তখন কিছু দিনের জন্য বন্ধ থাকলেও আবার নতুন করে বসে পরে দোকানীরা। এখানে স্থায়ীভাবে উচ্ছেদ করা দরকার।
এমনিতেই দুর্ঘনা নারায়ণগঞ্জের পিছু ছাড়ছে না। তার উপর ট্রেন চলাচল শুরু হতে না হতেই যদি এমন অবৈধভাবে রেল লাইন দখল করে রাখে, তাহলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি যুগের চিন্তাকে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রজেক্টের কাছে হস্তান্ত করা হয়েছে। শুধু ২ নং রেল গেট থেকে ১ নং রেল গেট পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। কিছুদিনের মধ্যে এখানে অভিযান পরিচালনা করা হবে।
এখানে যে দোকানগুলো বসে সেগুলোও করোনার আগে অনেকবার উচ্ছেদ করা হয়েছে। করোনার পর ট্রেন চলাচল মাত্র শুরু হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে নির্বাহী ম্যজিস্ট্রেটের নেতৃত্বে করতে হয়। এ ব্যাপারে যথাযত কর্তৃপকক্ষকে চিঠি দেয়া আছে। আবার কালকে (রোববার) এ বিষয়ে অবহিত করে অভিযান পরিচালনা করবো।


