তাদের যন্ত্রণা সীমাহীন, রুখবে কে?
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৬ পিএম
নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি হাসপাতালসহ ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিন বেড়ই চলেছে। তাদের অযাচিত আস্ফালনে বিড়ম্বনাসহ নানা রকম হয়রানির শিকার হচ্ছে সাধারণ রোগীরা।
তবে, দীর্ঘদিন ধরে শহরে রোগীরা এই যন্ত্রণা পোহালেও সংশ্লিষ্ট প্রশাসনের এ ব্যাপারে কোনো রকম কার্যকরি পদক্ষেপ লক্ষণীয় নয়। এতে করে বিড়ম্বনার শিকার ব্যক্তিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, হাসপাতাল বা কোনো ক্লিনিক থেকে চিকৎসক দেখিয়ে রোগীরা বের হলেই তাদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেচড়া শুরু করে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
এরমধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সর্বোচ্চ ভিড় লক্ষ্য করা যায় শহরের পপুরার ডায়াগনস্টি সেন্টারে। তাদের ভিড়ে বৃদ্ধ, শিশু এবং মহিলা রোগীরা যারপরনাই হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়তই।
তারা রোগী বের হওয়ামাত্রই রোগীর হাত থেকে ব্যবস্থাপত্র নিয়ে ছবি তুলতে শুরু করে। মাঝ রাস্তা বা ফুটপাতে ভিড়ের মধ্যে তাদের এই কর্মকাণ্ডে বিব্রত, বিরক্ত সাধারণ মানুষ।
সূত্র জানায়, চিকিৎসকদের দিয়ে নিজেদের কোম্পানীর ওষুধ ব্যবস্থাপত্রে লিপিবদ্ধ করানোর নানা কৌশল অবলম্বন করে থাকে বিক্রয় প্রতিনিধিরা। শোনায যায়, এ জন্য নানা ধরণের উপটোকন দেওয়া হয়েছে থাকে চিকিৎসকদের।
ফলশ্রুতিতে রোগীরা বের হলে সেই ব্যবস্থাপত্র দেখে ছবি তুলে তা যাচাইবাছাই করেন এবং একই সঙ্গে অন্য চিকিৎসক কোন ধরণের ওষুধ বিশেষ করে এন্টিবায়োটিক দিচ্ছে তারও খোঁজ রাখছেন।
পরবর্তীতে নিজেদের কোম্পানীর ওষুধ ব্যবস্থাপত্রে দিতে একরকম বাধ্য করা হয়ে থাকে বলে শোনা যায়। তবে, দিন দিন এই বিক্রয় প্রতিনিধিদের সীমা এতটাই ছাড়িয়েছে যে প্রতিদিনই এদের সাথে কোনো না কোনো রোগীর বাগবিতণ্ডার মত ঘটনা ঘটছে শহরে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রয় প্রতিনিধি জানান, প্রেসক্রিপশন ওষুধ লিখার জন্য প্রতিমাসে কলম, প্যাড, চাবির রিং থেকে শুরু করে টিভি-ফ্রিজসহ মোটা অংকের উপহার দিতে হয় ডাক্তারদের।
তার বিনিময় প্রতিটি প্রেসক্রিপশনেই আমাদের ওষুধ লিখতে হবে। এছাড়াও এসব ব্যবস্থাপত্রের একটি কপি মেইল করে হেড অফিসেও পাঠাতে হচ্ছে আমাদের। নইলে চাকুরিতে টিকে থাকা সম্ভব না কারণ বর্তমানে প্রতিযোগিতা চলছে।
শহরের পপুলার ডায়াগনস্টি সেন্টারের সামনে এবং ভিতরের বিভিন্ন চিকিৎসকের কক্ষের সামনে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। নির্দিষ্ট সময়ের বাহিরে তারা ভিজিট করে রোগীদের চিকিৎসাসেবায় বেঘাত ঘটাচ্ছেন।
দেখা গেছে, যখন রোগী চিকিৎসা সেবার জন্য চিকিৎসকের কক্ষে যান তখন একাধিক প্রতিনিধি ওই কক্ষের সামনে দাঁড়িয়ে ভিড় জমিয়ে আছেন। আবার কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে তাদের ভিজিট সেরে নিচ্ছেন। এর বাহিরে প্রতিনিয়তই চোখে পড়ে এসব প্রতিনিধিদের নানান দৃশ্য।
এছাড়া সরকারি হাসপাতালে যখন বিভিন্ন রোগীরা ডাক্তার দেখিয়ে টিকেট নিয়ে ফিরে যান তখন দেখা যায়, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা ওইসব রোগীদের পথে দাঁড় করিয়ে তাদের হাতের টিকেট টেনে নিয়ে ওই টিকেটের ছবি তুলে রাখেন। সরকারি হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাকের কক্ষের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকেন তারা।
তাদের কারনে রোগীরা সে ভিড় ঠেলে কক্ষের ভেতরে প্রবেশ করতে হয়। আবার ভেতরে প্রবেশ করলেও দেখাযায় সেখানে চলছে ভিজিট। এ ভাবেই প্রতিদিন সরকারি হাসপাতালে বিভিন্ন ঔষধ কোম্পনির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আর প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা।
হাসপাতাল সুত্রে জানাগেছে, বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে সরকারি হাসপাতালের চিকিৎসকদের লিয়াজো রয়েছে। নিজেদের কোম্পানির ঔষধ যাতে লিখেন এজন্য মোটা অংকের কমিশন দেওয়া হয় চিকিৎসকদের।
কোন কোন চিকিৎসক সাপ্তাহিক কোন চিকিৎসক পাক্ষিক আবার কেউ মাসিক হারে এই টাকা নিয়ে থাকেন ঔষধ কোম্পানি থেকে। নাম প্রকাশ না করার শর্তে ওষুধ কোম্পানীর একজন প্রতিনিধী জানান, অনেক সময় টাকা নিয়েও চিকিৎসক লেখেন না। তাই অডিট করছি।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ জানান, “সরকারি হাসপাতালে ওষুধ কোম্পনির প্রতিনিধিদের জন্য সপ্তাহে দুদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। বেলা বারটা থেকে দুইটা পর্যন্ত তারা ডাক্তারদের ভিজিট করতে পারবেন।
এর বাইরে কিছু হলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এছাড়া বেসরকারি ক্লিনিকগুলোর সামনে এমন হলে আমরা কিছু করতে পারি না। এ বিষয়টা দেখবে ক্লিনিক কর্তৃপক্ষ।
তবে, কোনো ভুক্তভোগি যদি আমাদের কাছে এসব ব্যাপারে অভিযোগ দেন তবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, তাদের ডেকে কথা বলতে পারি। এর বাইরে আমাদের কিছু করার থাকে না।”


