Logo
Logo
×

নগর জুড়ে

আবারও হকারদের দখলে ফুটপাত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৮ পিএম

আবারও হকারদের দখলে ফুটপাত
Swapno

ফের শহরের ফুটপাত হকারদের দখলে চলে গেছে। তাদের দখলে থাকার কারণে ফুটপাত এখন বাজারে পরিণত হয়েছে। করোনকালীন সময়ে ফুটপাতে সামজিক দূরত্ব বজায় রেখে হাঁটা-তো দূরের কথা গা ঘেঁষে হাঁটাও মুশকিল। গতকাল শনিবার শহরের বঙ্গবন্ধু সড়কে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাড়া সোনালী ব্যাংকের সামনে দেখা যায়, ফুটপাতের দুইদিকে দোকান সাজিয়ে মুখেমুখি বসেছে হকাররা। আর মাঝখানের হাঁটার জায়গায় ক্রেতারা দাঁড়িয়ে তাদের পণ্য পছন্দ ও কেনাকাটা করছে। শুধু এখানেই দুরাবস্থার শেষ নয় ফুটপাতের নিচে রাস্তার একটা অংশও দখল করে বেচা-কেনা করছে নির্বিঘ্নে। আবার ঠিক এর পাশেই রয়েছে শহরের বিষফোঁড়া হিসেবে খ্যাত অবৈধ সিএনজি ও লেগুনার স্ট্যান্ড। তাছাড়া ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম তো রয়েছেই। এরসাথে প্রতিদিন যুক্ত হচ্ছে যানজট।

বঙ্গবন্ধু সড়কের শুধু এখানেই নয় পুরো সড়কজুড়েই এমন দুর্দশার চিত্র। ফলে চরম ভোগান্তিতে পরছেন পথচারীরা। চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পরেন নরী ও শিশুরা। নাম প্রকাশ না করার শর্তে একজন নারী পথচারী জানান, রাস্তায় যানজট থাকার কারণে রিক্সায় উঠিনি। চাষাড়া থেকে হেঁটে কালীরবাজার স্বর্ণপট্টি যাব। কিন্তু ফুটপাত দিয়ে বাচ্চা নিয়ে হাঁটার কোন উপায় নেই। এখান দিয়ে হাঁটা মানে যুদ্ধ করা। তার পাশে থেকে আরেকজন বলেন, কয়েক দিন আগে চাষাড়া সোনালী ব্যাকের সামনে দিয়ে যাওয়ার সময় ভীড়ের মধ্যে আমার ব্যাগ টান দিয়েছিল একজন ছিনতাইকারী। আমি টের পাওয়ায় আর নিতে পারেনি। তাবে আমার ব্যাগের ফিতা ছিড়ে ভিড়ের মধ্যে ছিনতাইকারী পালিয়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, চাষাড়া সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু করে শহরের দুইনং রেল গেট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের উভয় পাশে একই চিত্র। ফুটপাত দখল করে হকাররা বসিয়েছে দোকান। আবার রাস্তার একটা অংশ দখল করে ভ্যানগাড়ির উপরে সাজিয়েছে নানা পসরা। চাষাড়া শহীদ মিনারের সামনের অবস্থা আরও চরমে। এখানে ফুটপাতে রয়েছে কতগুলো আখের রসের দোকান, খাবারের দোকানসহ নানা রকমের পণ্যের সমাহার। ফলে এখানে ফুটপাত দখলের পাশাপাশি শব্দ দূষণের মাত্রাও চড়মে। রাস্তায় রাখা সিএনজি, মোড়ে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছে প্রতিনিয়ত। ‘এখানে দোকানর বসানোর কথা চিন্তাও করবেনা’ ট্রাফিক পুলিশের লেখা সাইনবোর্ডের নিচেও বসেছে দোকান! 

এবিষয়ে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি নুরুদ্দীন আহম্মেদ বলেন, শহরের ফুটাপাত ও রাস্তা দখল করে হকারদের বাজার মিলানো-এ বিষয়ে অনেক নিউজ হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। কিছুদিনের জন্য বা দিনের কিছু সময়ের জন্য অভিযান পরিচালনা করে তাদের তাড়িয়ে দেওয়া হয়, আবার তারা বসে। এমন লুকোচুরি খেলা অনেক দিন যাবতই ছলছে। প্রশাসন চাইলেই কিন্তু শহরের ফুটপাত মুক্ত রাখতে পারে, আমরা আগে অনেকবার এমনটা দেখেছি।

ফুটপাত দখলের সাথে নতুন শংকা যুক্ত করে তিনি বলেন, ফুটপাতের দোকানগুলো সাধারণের হাঁটার অধিকার হরণ করার পাশাপাশি সামনের দিকে বড় ধরনর দুর্ঘটনাও ঘটাতে পারে। অনেক দোকানে অবৈধ বিদ্যুৎ লাইন ব্যবাহার করছে। আবার খাবারের দোকানগুলো যে এলপি গ্যাস ব্যাবহার করেছে সেগুলোর অনেকটাই মেয়াদোত্তীর্ণ। কিছু কিছু রেস্টুরেন্টও ফুটপাত দখল করে এলপি গ্যাস ব্যবাহার করে রান্না করছে। যেকোন সময় আবার এই বিদ্যুৎ ও গ্যাসের থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনিতেই বিভিন্ন কারণে দুর্ঘটনা, আলোচনা-সমালোনা যেন নারায়ণগঞ্জের পিছু ছাড়ছে না। তাই এই ফুটপাত, অবৈধ বিদ্যুৎ এবং অনিরাপদ গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এখনই কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নতুবা রাস্তার মধ্যে তাল্লার মসজিদের মতো আরেকটি দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে। 

এব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শনিবার বিকেলেও আমরা অভিযান চালিয়েছি। ফুটপাতে যাতে হকার না বসতে পারে সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। ফুটপাতমুক্ত রাখার জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন