Logo
Logo
×

নগর জুড়ে

৫ ওয়াক্ত নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায়না : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১ পিএম

৫ ওয়াক্ত নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায়না : মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, এত মসজিদ মন্দির কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যেন ঘুষ না খাওয়া ও অন্যান্য অপকর্ম না করা হয়। 

এখন তো আনাচে কানাচে মসজিদ। সবকিছু মিলিয়ে আমাদের ইমানকে মজবুত করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। 

মনে রাখবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায়না, সকাল সন্ধ্যা তসবি চালালেও ইমানদার হওয়া যায়না যদি ঐ লোক সমাজে দাঁড়িয়ে সঠিক কথাটি না বলেন এবং যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা না করে। 

তিনি বলেন, ভোট দিলেই দায়িত্ব শেষ না। আমাদেরকে পরিচালিত করার দায়িত্ব আপনাদের। আমাদের কাজ কিভাবে আদায় করে নেবেন সেই দায়িত্ব আপনাদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের রূপালি এলাকায় নদীর পাড়ে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের উদ্যোগে ২শ বৃক্ষ রোপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল ক্লাবের সভাপতি মনি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ বিভা হাসান, সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ এবং ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় মেয়র আইভী আরো বলেন, গাছ লাগানো খুব সোয়াবের ব্যাপার। এ গাছ একদিন বড় হবে এ গাছের ছায়ায় এক সময় সবাই বসবে এবং দোয়া করবে। এ গাছের ফল যখন পাখি খাবে তখন সেই দোয়া করবে। এ ভালো কাজের উসিলায় হয়তো আপনার বেহেস্ত যাবার পথ সুগম হতে পারে। 

এসব ছোট ছোট সোয়াবের জন্য আমরা অনেকে মুক্তি পেতে পারি। এ গাছ লাগানো যেমন ভাল কাজ, এ গাছের পরিচর্যা করাও ভালো কাজ। আমাদেরকে আরো অনেক বেশি গাছ লাগাতে হবে। যেহেতু এটি মুজিববর্ষ আর এই বছরের কার্যক্রম করোনার জন্য সীমিত করা হয়েছে। 

তিনি বলেন, আমার কোন ওয়ার্ডে কি প্রয়োজন আমি জানি। আমি বলেছি, ওয়াসা আমি মাত্র নিয়েছি আমার সময় লাগবে আপনাদের বিশুদ্ধ পানি দেয়ার জন্য। আমি যেভাবে ওয়াসাকে নিয়েছে সবই নষ্ট। আমি আগামী ১ বছরের মধ্যেও আপনাদের পানি দিতে পারবোনা, কারণ এখানে কাজ অনেক। 

আমি পুরো ৫শ কোটি টাকা পানির জন্য দিয়ে দিয়েছি। শুধুমাত্র আপনাদের একটু ধৈর্য্য ধরতে হবে। পানি শীতলক্ষ্যা থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের পানি দেয়ার কথা। যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমরা দেখছি। 

মেয়র আইভী বলেন, ডাইং এর পানি ও মিল ফ্যাক্টরীর পানির ব্যাপারে কাউন্সিলরদের সতর্ক থাকতে হবে। এগুলো নিয়ে আপনারা আন্দোলন করেন পানি কিভাবে বিশুদ্ধ রাখা যায়। নদীর পানিকে কিভাবে রক্ষা করা যায় সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। 

তবে গাছপালা লাগানোর যে কাজ রয়েছে সেগুলো আমাদের অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাবো। এ বছরব্যাপী আমরা গাছ লাগাবো। প্রয়োজনে আমি আপনাদের গাছ দেব। যদি অবৈধ কোন কিছু থাকে তাহলে ভেঙ্গে ফেলবেন আমাকে বলার কি আছে। 

সাম্প্রতিক মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, তল্লা মসজিদে হতাহতদের জন্য আমরা দোয়া করবো। নিশ্চয়ই তারা জান্নাতি। আপনারা যেখানেই মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান করেন না কেন সে জায়গাটা নিষ্কণ্টক কিনা সেটা দেখে নেবেন। আমরা সরকারি যায়গা পেলেই মসজিদ মাদ্রাসা করে ফেলি, দয়া করে সেগুলো আপনারা করবেন না। মসজিদের যায়গা একেবারে নিষ্কণ্টক না হলে সেটি ঠিক হয়না। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন