শাহজাহানের অর্থ নিহত মসজিদের ইমামের ছেলেকে দিলেন শকু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭ পিএম
নায়ায়নগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারীর (৬০) ছোট ছেলে ফাইমুল ইসলামের নিকট বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের ব্যক্তিগত অর্থ (৫০ হাজার টাকা) তুলে দেন নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে এই নগদ অর্থ প্রদান করা হয়।
কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, ৪ সেপ্টেম্বর শুক্রবার এশা নামাজ চলাকালে পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেখানে ৩৭ জন দগ্ধ হয়ে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন।
এ পর্যন্ত ৩১ জন নিহত ও ৫জন গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন ও হতাহতদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। যেহেতু মসজিদের প্রাণ হলো ইমাম।
সে জন্য ইমামে পরিবারের পাশে দাড়াতে এই নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়। তিনি নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে আহত হয়ে ৫ সেপ্টেম্বর রাতে মারা যান। তারা সকলে হয়েছেন শহীদী মৃত্যু, মহান আল্লাহ সকলকে শহীদীর মৃত্যু হিসেবে কবুল করুণ।
উল্লেখ্য, নিহত মাওলানা আব্দুল মালেক নেছারী কুমিল্লা দ্বেবিদার পুটিয়াজুরি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। নিহতের বৃদ্ধ মা কমলা খাতুন (৮২), স্ত্রী, ২ ছেলে (নাইমুল ইসলাম ও ফাইমুল ইসলাম) ও ১ মেয়েসহ অনেক স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।


