সতর্ক না হলে ভয়াবহ বিপদ : কাউন্সিলর শকু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা করোনা হাসপাতালে ৪৪ বছর বয়সী মহসিন খান নামে একজনের মৃত্যুতে তার পরিবারের আহবানে লাশ দাফন করতে এগিয়ে এসেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু। তিনি করোনার শুরু থেকেই আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন সৎকারে এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় এ লাশটিও তিনি দাফন করেন।
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ব্যক্তি। তিনি এক সন্তান রেখে গেছেন এবং তার গ্রামের বাড়ি ফরিদপুর। মারা যাওয়ার পর তার পরিবার লাশ দাফনের জন্য শকুর সহযোগিতা কামনা করলে শকু ছুটে যান।
লাশ গ্রহণের আগে শকু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বলেন, করোনা ভাইরাস নিয়ে এখন আমরা অনেক অবহেলা করছি। এ অবহেলা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। একের পর এক মৃত্যুতেও আমরা সতর্ক হচ্ছিনা। আমাদেরকে সতর্ক হতে হবে নয়তো সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। পরে তিনি লাশ দাফনের জন্য সিটি করপোরেশনের সহায়তায় তার টিম নিয়ে রওনা দেন।


