ওই ঘাতকরা, হত্যাকারীরা এই শহরেই ঘুরে বেড়ায় : রফিউর রাব্বি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৪ পিএম
মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে সাত বছর উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও আলোকপ্রজ্বাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন ও আলোকপ্রজ্বালনের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ারর্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ মহানগরের সহসভাপতি গোবিন্দ সাহা, সামাজিক সংগঠন সমমনার সভাপতি দুলাল সাহা, তিন বছর আগের এই দিনে দুর্বিত্তদেও হাতে নিহত সাংবাদিক শাহরিয়ার শুভ্রর পিতা কামাল সিদ্দীকী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, এই করোনা দুর্যোগেও হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, ত্রাণচুরি কিছুই বন্ধ নেই। হত্যা-গুমের সাথে জড়িতদের বিভিন্ন সময় সরকার উৎসাহিত ও পুরস্কৃত করায় আজ তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকার বেছে বেছে বিচার সংগঠিত করে।
যে ঘটনা বা অপরাধের সাথে সরকার দলীয় ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা নাই তারা কেবল সে সব বিচারই করে। অপরাধী দলীয় বা সরকার সংশ্লিষ্টদের বিচারে তাদের আগ্রহ নেই। কিন্তু যেসব ঘটনা সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সরকার বাধ্য হয়ে সে সবের বিচার করে।
তিনি আরও বলেন, আমাদের দেশের একটা থানার ওসি বিচার ছাড়া শত শত মানুষকে হত্যা করে ফেলে। কীভাবে এটি সম্ভব! তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। বরং সরকার তাকে উৎসাহ দেয়, পুরস্কৃত করে।
একজন সাবেক সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে এ ভয়াভয় চিত্র আমাদের মধ্যে উন্মোচিত হয়েছে। এমনি ভয়াভহতা সারা দেশে কতগুলো আছে তা আমরা জানিনা। এইটি আমাদের বিচার ব্যবস্থার চিত্র। আমরা জানি না এমনি ঘটনা আর কোথায় কোথায় সরকার ঘটিয়ে চলেছে।
রফিউর রাব্বি বলেন, সাড়ে ছয় বছর আগে ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু সেই অভিযোগপত্র উত্থাপন করা হয় নাই প্রধানমন্ত্রীর অনিচ্ছার কারণে। আজকে এটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রীর নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে।
সরকার মুখে যাই বলুক না কেন এ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা যেহেতু সরকার দলীয়, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে আছে, সে কারণেই সাড়ে সাত বছর ধরে এ বিচার বন্ধ করে রাখা হয়েছে। আইনকে কেবলি নিজের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচার-ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।
গণতন্ত্র মানুষের বেঁচে থাকার অধিকার সমস্ত কিছুকে ভুলণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার উল্টোপথে এ সরকার চলতে চলতে বিচার-ব্যবস্থার সাথে সাথে নির্বাচনী-ব্যবস্থা, মানুষের নিরাপত্তা, মৌলিক অধিকার, গণতন্ত্র সবকিছুকে ধ্বংস করে চলেছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ বলেন, ত্বকীকে যারা হত্যা করেছে তারা এই শহরে এখনও ঘুরে বেড়ায়। একটি পরিবারের কয়েকজনসহ সন্ত্রাসীরা এই নারায়ণগঞ্জ শহর থেকে গুম করে তাকে হত্যা করেছিল। এ বিষয়গুলো আমরা সব জানি। এ অবস্থার মধ্যে আমরা কী করবো।
একটি হত্যাকাণ্ড নিয়ে যদি সেই দেশের প্রধানমন্ত্রী নিজে কথা বলে, বিচার বন্ধ করে রাখে, তাহলে দেশের মানুষের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকে না। আমাদের পরিষ্কার কথা আমারা কোন দুঃখই প্রকাশ করতে চাইনা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি হত্যাকারীদের পাহারা দিয়ে রাখছেন। আপনি বলেছেন এই পরিবারকে দেখবেন। আপনি কোন পরিবারকে দেখবেন, যে পরিবারের সন্তান, নাসিম ওসমানের কুখ্যাত সন্তানসহ সেই ঘাতকরা ত্বকীকে হত্যা করেছিল।
ওই ঘাতকরা, হত্যাকরীরা এই শহরেই ঘুরে বেড়ায়। আমরা এ হত্যার বিচার চাচ্ছি কিন্তু আপনি কর্ণপাত করছেন না। কারণ আপনার দলের, ওই পরিবারের কুখ্যাত খুনিরা ত্বকীকে হত্যা করেছে। আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে কখনো ঘাতক, খুনীদের পক্ষ নিতে পারেন না।
তিনি বলেন, কোর্টে একটা চার্জশিটও জমা দেওয়া হয়েছে সেই চার্জশিট ধরেও বিচারের দিকে এগিয়ে যাওয়া যায়। ওই চার্জশিটে যাদের নাম বলা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে নাসিম ওসমানের ছেলের কথা এবং তার সঙ্গীদের কথা বলা হয়েছে। ত্বকী হত্যার ফাইল প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।
তিনি নিজে জানেন, ত্বকীকে কারা হত্যা করেছে, কীভাবে হত্যা করেছে। তারপরও আমার এই সন্তানের বিচার হচ্ছে না। ত্বকী হত্যার বিচার আপনি না করলে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে বাধ্য হব। তারপরও ত্বকী হত্যার বিচার হবে। ভবিষ্যতে দেশের মানুষ, নতুন প্রজন্ম খুনিদেরকে ধিক্কার জানাবে, সেই সময় আসছে।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত ত্বকী হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা শহীদ মিনারে, নারায়ণগঞ্জ শহরের এখানে সেখানেসহ সারা পৃথিবীতে বিচার চেয়ে যাব। ত্বকী অনেক মেধাবী ছিল। সে সারা পৃথিবীতেই আলোড়ন তুলতে পারত-এমন দৃষ্টান্ত তৈরি করেছিল।
আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের চিন্তায় ত্বকী আলো জ্বালিয়ে দিয়ে গেছেন। আমরা সেই আলো নিয়ে আছি। তাকে শুধু তার বাবার জন্য হত্যা করা হয়েছিল। সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে দীর্ঘ সাড়ে সাত বছরেও এ হত্যার বিচার হয়নি।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ, মনি সুপান্থ, ধীমান সাহা জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুমিত রায়, নারী নেত্রী পপি রাণী সরকার, শ্রমিক নেতা আবু নাইম খান বিপ্লব, সমগীতের কেন্দ্রীয় সহসভাপতি দীনা তাজরীন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র প্রদান, চিহ্নিত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।


