বঙ্গবন্ধুকে আমাদের হৃদয়ে ধারন করতে হবে : জসিমউদ্দিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:১৮ পিএম
নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে আমাদের হৃদয়ে ধারন করতে হবে। বঙ্গবন্ধু এদেশে জন্মেছিল বলেই আমরা আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারছি।
আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের একটি জাতীয় সংগীত হয়েছে। আমরা বাঙ্গালী জাতি মাথা উচু করে দাড়াতে পেরেছি। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে পারতো। আর এটা জেনেই ঘাতকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই এটা সত্য কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ আমরা প্রত্যেকে ধারন করছি। এ আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জিবিত করার জন্য শিক্ষকদের অগ্রনী ভুমিকা নিতে হবে।
এজন্য বঙ্গবন্ধুকে জানার জন্য তার আত্মজীবনি এবং কারাগারের রোজ নামচা বইটি সকল শিক্ষকদের পড়ার জন্য তিনি আহবান জানান।
শনিবার দুপুরে বিদ্যানিকেতন হাই স্কুল এবং নারায়নগঞ্জ হাই স্কুলএন্ড কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দুইটি পৃথক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদ্যানিকেতনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থপনা সম্পাদক কাসেম হুমায়ুন এবং নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভনিং বডির সভাপতি চন্দন শীল।
অনুষ্ঠান দুইটিতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা, পরিচালনা পরিষদের সদস্য ওয়াহিদ সাদাত বাবু, সরকার আলম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ট্রাষ্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল প্রমুখ।পরে জেলা প্রশাসক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।


