জাতীয় শোক দিবস পালনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১০:৫৪ পিএম
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
ইতিমদ্যেই নগর ভবন গেইট, কদমরসুল ও সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক কার্যালয়সহ দর্শনীয় স্থানে শোক দিবস সম্বলিত ব্যানার-ফেস্টুন টানিয়ে দেয়া হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ১৫ আগস্টের দিনটিকে ঘিরে নগর ভবনসহ শহর বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, মেয়র ভবন, কদমরসুল, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ও ৩টি নগর স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে।
সকাল সাড়ে ৯টায় দুই নম্বর রেলগেট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
একই দিন সকাল সাড়ে ১০টায় শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে ও বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ লেকপাড়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। পরে বাদ আসর নাসিক তিন অঞ্চলের বায়তুল ঈজ্জত জামে মসজিদ, বন্দর কেন্দ্রীয় কবরস্থান সিটি জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জ পাইনাদি জামে মসজিদে মিলাদ অনুষ্ঠিত হবে।
পাশাপাশি ওয়েবসাইট ও ফেসবুকে জাতীয় শোক দিবসে অনলাইন পোস্টার প্রদর্শনসহ শোক দিবস উপলক্ষে ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নাসিকের কর্মকর্তা-কর্মচারীদের মুজিববর্ষের কোটপিন পরিধান ও কালো ব্যাজ ধারণের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ।


