সুস্থ্য প্রজন্ম গড়তে মাতৃদুগ্ধের বিকল্প নেই : কাউন্সিলর অসিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৭:৩২ পিএম
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস বলেন, মাতৃদুগ্ধ যে কোন নবজাতক শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এবং রোগ জীবানু প্রতিরোধসহ নানা প্রতিকুলতায় মহৌষধ হিসেবে কাজ করে। শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে।
৬ মাস পর্যন্ত পানি না খাওয়ালেও চলবে। ৬ মাস পর ঘরে তৈরী অন্যান্য সুষম খাদ্য খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কমিউনিটি পর্যায়ে সকল মা বোনের মধ্যে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। সুস্থ্য প্রজন্ম গড়ে তুলতে মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) “বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ২০২০” উপলক্ষ্যে মাতৃদুগ্ধদানকারী মা’দের মাঝে পুষ্ঠিমান বৃদ্ধির লক্ষ্যে ডিম, ডাল ও তেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫নং ওয়ার্ডের উত্তর র্যালী বাগান এলাকায় এসব পুষ্ঠিমান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাউন্সিলর অসিত বরন বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি অর্গানাইজার (সিও) নাসিমা আক্তার, ১৫নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম, টাউন ফেডারেশনের সদস্য শাহনাজ বেগম, সিডিসি নেতৃ পিংকী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অসিত বরন বিশ্বাস আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানও মায়ের দুধকে শিশুদের সর্বোৎকৃষ্ট খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মায়ের দুধ মা ও শিশুর মধ্যে এক মমতার গভীর সম্পর্ক গড়ে তোলে।


