Logo
Logo
×

নগর জুড়ে

শহরের মাছ ঘাটে ফের জুয়ার আসর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৭:২৭ পিএম

শহরের মাছ ঘাটে ফের জুয়ার আসর
Swapno

বারবার পুলিশের অভিযানের পরও বন্ধ হচ্ছে না শহরের বড় শাহজাহানের জুয়ার আসর। কিছুদিন পূর্বেও শহরের ৩ নং মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর বন্ধ করে দেয় পুলিশ। গ্রেফতার করেছিল এই বোর্ড পরিচালনকারি বড় শাহজাহানকে। কিন্তু এরপরও জুয়াড়ি প্রায় মাস খানেক ধরে বীরদর্পে জুয়ার আসর চালিয়ে আসছিল।

জানা গেছে, কিছু বিশেষ পেশার ব্যক্তির ছত্রচ্ছায়ায় শহরে শুরু হয়েছিল জুয়ার আসার। শুরুতে কালির বাজারে এই আসর শুরু হলেও পরবর্তীতে এর বিস্তার ঘটে মাছঘাট এলাকা পর্যন্ত। দিনরাত্রি ২৪ ঘণ্টাই শহর ও শহরতলী থেকে জুয়াড়িরা এখানে এসে ভিড় জমান এবং জুয়া খেলতেন। এ নিয়ে শহরময় আলোচনা সমালোচনা শুরু হলে তৎসময়কার এসপি হারুন অর রশীদের নির্দেশ থানা পুলিশ ও ডিবি পুলিশ ওই দুটি জুয়ার আস্তানায় ব্লকড রেড দেয়।

সূত্র জানায়, গত বছরের ১২ ফেব্রুয়ারি রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে ওই দুটি জুয়ার আসর গুঁড়িয়ে দিয়ে ৪১ জনকে আটক করে। তবে, এর মূলহোতা বড় শাহজাহান ও ছোট শাজাহান থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এরপর বেশ কিছুদিন পর্যন্ত শহরে জুয়ার আসর বন্ধ থাকে। কিন্তু পরবর্তীতে কিছুদিন বিরতি দিয়ে শহরের জিমখানা এলাকায় ওয়ালটন শোরুমের কাছে ফের বসে জুয়ার আসর। খবর পেয়ে এখানে অভিযান চালায় পুলিশ। তবে, কাউকে গ্রেফতার করতে না পারলে আসরটি গুঁড়িয়ে দেওয়া হয়। 

এদিকে এতকিছুর পরও পুনরায় জুয়ার আসর বসায় বড় শাহজাহান। এবার সেই পূর্বের স্থান নারায়ণগঞ্জ বাস টার্মিনাল এলাকা ঘেঁষা ৩ নং মাছঘাট এলাকা। তবে, কদিন এই জুয়ার আসর চলার পর ২০১৯ সালের ৪ আগস্ট অভিযান চালায় র‌্যাব-১১। আটক করা হয় ২৮ জন জুয়াড়িকে। এবারও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় বড় শাহজাহান। 

এদিকে একের পর এক অভিযান চালিয়ে জুয়ার আসর বন্ধ করে দেওয়াসহ অসংখ্য মানুষকে আটক করার পরও পুনরায় আসর জমায় বড় শাহজাহান। নানা কৌশলে সে শহরের বাস টার্মিনাল এলাকায় এসব আসর বসায়। তবে, এসব আসরে এবার আর তার সঙ্গে সাথী হয়নি পূর্বে যারা তার এসব জুয়ার আসরের অংশিদার ছিলেন। ফলশ্রুতিতে সে এককভাবেই এসব জুয়ার আসর চালাতে থাকে গুটি কয়েক বিকৃত রুচির বিশেষ পেশার ব্যক্তিকে ম্যানেজ করে। 

তবে, খুব বেশিদিন এসব আসর চালাতে পারেনি বড় শাজাহান। পুলিশ বেশ কয়েকবারই অভিযান চালিয়ে তাকেসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। সর্বশেষ অতিসম্প্রতি নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশও অভিযান চালিয়ে বড় শাহজাহানকে আটক করে দুই মামলায় আদালতে চালান করে। কিন্তু সে পুনরায় জামিনে বের হয়ে এসে আবারও ৩ নং মাছ ঘাট এলাকায় জুরার আসর বসায়। দীর্ঘদিন ধরে সে এই জুয়ার আসর চালিয়ে আসছে বলে বিভিন্ন তথ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানিয়েছে, বড় শাজাহান এবার কৌশলের আশ্রয় নিয়ে জুয়ার বোর্ড চালিয়ে আসছিল। সে থানা পুলিশের বড় কর্তাকে ম্যানেজ করতে না পেরে থানার কয়েকজন গাড়ি চালককে ম্যানেজ করে। যাতে অভিযানের পূর্বে খবরটা তাকে পৌঁছানো হয়। এছাড়া শহরের চারার গোপ এলাকার মাউড়া হোটেলের কাছেও সে পাহারা বসায়। যাতে করে পুলিশ অভিযানে এলে তার নিয়োগকৃত লোকজন তার কাছে খবর পৌঁছাতে পারে। এভাবেই দীর্ঘদিন ধরে বীরদর্পে জুয়ার আসর চালিয়ে আসছে বড় শাহজাহান। 

এদিকে বারবার অভিযান চালানোর পরও কোন ক্ষমতাবলে বড় শাহজাহান শহরের বুকে এভাবে জুয়ার আসর বসানোর সাহস করে! এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বলা হচ্ছে, তার পিছনে শক্তিশালী কোনো না কোনো চক্র রয়েছে। সেই প্রভাবেই বড় শাহজাহান জুয়ার বোর্ড বসানোর সাহস দেখাতে পারে। এছাড়াও জুয়া আইনে কাউকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করার পর ২০০ টাকা জরিমানা দিলেই জামিনে বের হয়ে আসতে পারে। যার ফলে এসব জুয়াড়িদের মাঝে কোনো রকম ভয়ভীতি আর কাজ করে না। এ নিয়ে পুলিশের কণ্ঠেও অসহায়ত্ব ফুটে উঠে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমরা খবর পেয়েই অভিযান চালাই। জেল হাজতেও প্রেরণ করি। জুয়াড় মামলার পাশাপাশি অন্য মামলাতেও চালান দিয়েছিলাম বড় শাজাহানকে। কিন্তু আদালত যদি জামিন দিয়ে দেয় এতে তো আর কিছু করার থাকে না। তবে, জুয়ার সঙ্গে কোনো রকম আপস নেই। আমি এখনই পুলিশ পাঠাচ্ছি।

এদিকে পুলিশের ওই কর্মকর্তার কথা কতটা সত্য তা জানতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশের একটি দল অভিযান চালিয়েছিল। তবে, পুলিশ দেখে জুয়াড়িরা পালিয়ে যায়। পরে পুলিশ জুয়ার আসরটি গুঁড়িয়ে দিয়ে আসে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, কতদিন এই আসর বন্ধ থাকবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে শহরের সচেতন মহল বলছে, এর একটি স্থায়ী সমাধান দরকার। এভাবে আটক করে জেলহাজতে প্রেরণ করা হবে আবার জামিনে বের হয়ে জুয়ার আসর বসাবে এই চক্র, এভাবে চললে কোনো সমাধান আসবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন