নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ এলাকা সংলগ্ন ডোবায় ডুবন্ত একটি সিএনজি (ঢাকা মেট্রো-থ-১৬-৩৪৪২) থেকে আব্দুল্লাহ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অব্দুল্লাহর মরদেহ ওই ডুবন্ত সিএনজির পিছনের সিটে ছিলো।
বুধবার (৫ আগষ্ট) দুপুর আড়াইটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুল্লাহ মাসদাইর গুদারাঘাট এলাকার হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এটা হত্যা না দূর্ঘটনা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং পেটেও পানি ছিলোনা। জীবিত অবস্থায় পানিতে ডুবিয়ে দিলে পেটে পানি থাকত। পুকুর থেকে উদ্ধারকৃত সিএনজিএর পেছনের সীটে আব্দুল্লাহর লাশ পাওয়া যায়।
নিহতের বাবা হানিফ জানায়, আব্দুল্লাহ ৪ আগষ্ট (মঙ্গলবার) রাত থেকে নিখোঁজ ছিল। গতকাল বিকালে তাদের এলাকার কয়েকজন ছেলের সাথে আব্দুল্লাহর বাক বিতন্ডা হয়। বিষয়টি জানতে পেরে তিনি তার ছেলেকে শাসন করেন। পরে তার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আর তার সাথে যোগাযোগ করা যায়নি।
বুধবার ভোরে একজন সিএনজি ড্রাইভার তাকে ফোন করে বলেন, আপনার ছেলে গুলিস্তানে আছে। তার কাছে সিএনজি ভাড়া নেই। হানিফ তার ছেলেকে চাষাঢ়ায় নিয়ে আসতে বলেন। এরপর আর কোনো ফোন আসেনি। ওই নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেননি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এটা দূর্ঘটনা না হত্যা ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।


