হকার পুনর্বাসন ও ঈদের আগে ফুটপাতে হকার বসতে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ হর্কাস সংগ্রাম পরিষদ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে শতাধিক হকার।
এর আগে হকার্স মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করেন তারা। এতে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে। তারা পুলিশি বাধা উপেক্ষা করে তাদের বিক্ষোভ সমাবেশ চালিয়ে যান।
সমাবেশে নারায়ণগঞ্জ হর্কাস সংগ্রাম পরিষদের সভাপতি রহিম মুন্সি সভাপতিত্বে হকারদের পক্ষে বক্তব্য রাখেন, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসসহ হকার্স সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। হকার মালামাল বিক্রি করতে পারছে না। কারণ তাদের ফুটপাতে বসতে দেয়া হচ্ছে না। শত শত হকারগুলো ঝুঁকি নিয়ে মাঝে মাঝে বসলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। গত ঈদেও একই অবস্থা ছিলো।
তাদের ফুটপাতে বসতে দেয়া হয় নি। আমরা এ নিয়ে একাধিকবার রাস্তায় নেমেছি, জনপ্রতিনিধি, প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছি।
যাতে পুর্নবাসন ছাড়া হকারগুলোকে বসতে দেয়া হয়। আগে যা হয়েছে কিন্তু ঈদের এ কয়েকটা দিন যেন বসতে দেয়। যাতে তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদটা ভালোভাবে কাটাতে পারে। কিন্তু তারা কেউই আমাদের অনুরোধ রাখে নি।
নেতৃবৃন্দ আরও বলেন, যতবার জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে আমাদের সমস্যা সম্পর্কে অবগত করেছি কিন্তু তারা কেউ আমাদের সমাধান দিতে পারেন নি। কেউ কেউ তো এ সমস্যা সমাধানের জন্য টাকাও চেয়েছে।
যে যাই বলুক আর যাই করুক আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব। ঈদের দিনেও যদি রাজপথে নামতে হয়, আন্দোলন করতে হয় তো করবো।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ জুন ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়। এরপর থেকেই বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন সড়কের ফুটপাতে হকার বসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে প্রশাসন।
কিন্তু গত কয়েকদিন যাবৎ ফুটপাতে হকার বসতে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে আসছেন হকার নেতারা। ইতিমধ্যেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা।


