শহরজুড়েই বিশৃঙ্খলা
যানজটে নাকাল নগরবাসী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:১৪ পিএম
শহরজুড়েই বিশৃঙ্খলা। যানজচে জনসাধারণের ভোগান্তি এখন চরমে। বিরক্তি নিয়েই মানুষকে চলতে হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিত্য দিনকার কাজ সারছে এই শহরের মানুষ। তাদের মতে, সাম্প্রতিক সময়ে শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার কারণে সারাদিনই যানজটের সৃষ্টি হচ্ছে শহরে।
তবে, এই যানজটের মূলে চাষাড়া মোড়ে অবৈধ স্ট্যান্ড, গাড়ি পার্কিংকেই দায়ী করছে নগরবাসী। পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইকে পুরো শহর এখন গিজগিজ করছে। এ সব কিছু মিলিয়ে পুরো শহরবাসীর অবস্থা এখন নাকাল।
এদিকে শহরে অত্যধিক যানবাহনের চাপ ও মানুষের চাপের কথা স্বীকার করলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন, কদিন পরেই ঈদুল আযহা। তাই রাস্তায় যানবাহন বেশি। মানুষের চলাচল বেশি। যানজট সৃষ্টি হচ্ছে। তবে আমরা আন্তরিকভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ট্রাফিক পুলিশ বাড়ানো হয়েছে।
তবে, পুলিশ সুপারের কথার সাথে দ্বিমত পোষন করেছেন নগরবাসী। তাদের মতে, শহরে এখন ব্যাটারী চালিত অটো ও রিক্সা অহরহ ঢুকছে। যত্রতত্র চলে অবৈধ পার্কিং। কেউ কোন নিয়ম কানুন মানেনা। ফলে দিনভর শহরের প্রধান প্রধান সড়কে যানজট লেগেই থাকে। যানজটে পড়ে মানুষের দুর্ভোগের শেষ নেই।
গতকাল উত্তর চাষাড়ার বাসিন্দা নুরুল হক বলেন, চাষাড়া মোড়ে এসে পুরো শহরের গতি থেমে যায়। রিক্সা, বাস, ট্রাক, অটোরিক্সা ও প্রাইভেটকার যেন জটলা পাকিয়ে যায়। ট্রাফিক পুলিশ কিছুই করতে পারেনা। তাদেরকে মাঝে মধ্যে রেকার নিয়ে ঘুরতে দেখা গেলেও যানজট নিয়ন্ত্রণে আসেনা।
শহরের দেওভোগ এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, ২নং রেলগেইটটি এখন বাপ-মা ছাড়া এলাকা। এখানে একটা ট্রাফিক বক্স আছে ঠিকই। এটা কোন কাজের না। পুলিশ রুটিন ডিউটি ঠিকমত করেনা। সার্জেন্টরা ধান্দায় থাকে। ভেতরে বসে বাতাস খায়। দিনে কখনো কখনো এই পয়েন্টে কোন ট্রাফিক পুলিশ থাকেনা। তখন জটলা বেধে যায়।


