না’গঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের সমাগম বেশি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২০, ০৪:৫৮ পিএম
নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। স্বাভাবিক দিনের তুলনায় প্রতিদিন চার থেকে পাঁচশত অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
অপর দিকে, হাসপাতালের কর্মরত বেশ কয়েক জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত হওয়ায় ডাক্তার স্বল্পতার কারণে রোগীদের কাঙ্খিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত ডাক্তারদের।
তবে হঠাৎ এমন রোগীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ব্যতিত অন্য কোন রোগীদের চিকিৎসা সেবা বন্ধ থাকায় জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের সমাগম বাড়ছে।
করোনাই ভাইরাসের হটস্পট খ্যাত নারায়ণগঞ্জের সরকারী হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীসহ সংক্রমনে সন্দেহ ভাজনদের সনাক্ত করার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন কৌশল।
ভাইরাসটির প্রাদুর্ভাবসহ করোনায় আক্রান্ত সন্দেহ রোগীদের পরীক্ষাসহ আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালটিতে আগে বিভিন্ন রোগীদের স্বাস্থ্য সেবা দিলেও ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে শুধু করোনায় আক্রান্ত রোগী সনাক্ত ও তাদের চিকিৎসার জন্য সুব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
তবে নারায়ণগঞ্জ জেলার সাধারণ মানুষের অন্যান্য স্বাস্থ্যসেবা সাময়িক বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনা তৈরী হলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে চলছে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতাল (ভিক্টোরীয়া)।
সোমবার সরেজমিনে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহির্বিভাগে প্রবেশ পথেই বিশেষ যন্ত্রের মাধ্যমে মাপা হচ্ছে তাদের শরীরের তাপমাত্রা।
স্বাভাবিক তাপমাত্রার মানুষদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যাদের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি তাদের দেওয়া হচ্ছে বিশেষ পরামর্শ। প্রয়োজনে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে।
চিকিৎসা সেবা নিতে আসা কোন রোগী স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পড়লে তাদের ভিতরে প্রবেশে নিষেধ করা হচ্ছে। মাস্ক পড়ে হাসপাতালে প্রবেশ করতে হবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া রোগীর সাথে কোন অভিভাবক ভিতরে প্রবেশ করতে পারবে না মর্মে হ্যান্ড মাইকের মাধ্যমেও প্রচারনা চালাতে দেখা গিয়েছে সংশ্লিষ্টদের।
মানুষকে সচেতনতাসহ করোনায় আক্রান্ত রোগী হাসপাতালটিতে অবস্থান করছেকিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য হাসপাতালের একজন কর্মকর্তা স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের শরীরের তাপমাত্রা পরীক্ষাসহ মাস্ক ব্যবহার নিশ্চিত করা সেই কর্মকর্তার সাথে কথা হলে তিনি তার নাম মো. সাউদ বলে জানান।
তিনি এই প্রতিবেদককে বলেন, প্রতিদিন চার থেকে পাঁচশত রোগী হাসপাতালটিতে স্বাস্থ্য সেবা গ্রহণ করছে। আগে এমন রোগী সংখ্যা ছিলো দুই থেকে তিনশত। খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ইতিমধ্যে তাদের অন্যান্য স্বস্থ্য সেবা বন্ধ করে শুধু মাত্র করোনাভাইরাস সংক্রমনে আক্রন্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা করায় জেনারেল হাসপাতালে বাড়ছে।
তিনি জানান, তাদের হাসপাতালের অনেক কর্মকর্তা কর্মাচরী করোনাইভারাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালটি করোনামুক্ত রাখার জন্য সিভিল সার্জনের নির্দেশে আর/এমও আসাদুজ্জামান স্যারের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছেন।
হাসপাতালের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, করোনাভাইরাস সম্পর্কে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। কিন্তু মানুষ সেই বিষয়গুলো খুব বেশি আমলে নিচ্ছেনা। যেহেতু আমাদের হাসপাতালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চিকিৎসা সেবা নিতে আসছে সেহেতু কার মধ্যে করোনা উপস্বর্গ রয়েছে তা আমরা কেউই জানিনা।
তাই যারা চিকিৎসা সেবা নিতে আসছে তাদের বার বার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পাশাপাশি শিশু বাচ্চা সহ অভিভাবকদের প্রয়োজনীয় মাস্ক ব্যবাহর করে হাসপাতালে প্রবেশ করতে।


