নিষেধ থাকা সত্ত্বেও মার্কেটে শিশু বা ছোট বাচ্চা নিয়ে আসছেন অনেক অভিভাবক। দোকানীরা বিব্রত হলেও কিছু বলতে পারছেন না। বাচ্চা নিয়ে মার্কেটে ঢুকে অভিভাবকরা জামা-কাপড় ও জুতা কিনছে।
গতকাল এমন দৃশ্য চোখে পড়ে বর্ষণ সুপার মার্কেটে। ছোট শিশু আয়েশা ছিদ্দিকীকে নিয়ে মার্কেটে এসেছেন এক মা । তিনি এসেছেন শিবু মার্কেট এলাকা থেকে।
কেনো বাচ্চা নিয়ে এসেছেন ? এমন প্রশ্নে তিনি বলেন, জামা, জুতা কিনবো। মাপটা যাতে ঠিক মত হয় এজন্য বাচ্চাকে সাথে নিয়ে এসেছি। বাচ্চা নিয়ে মার্কেটে আসা নিষেধ একথা তিনি জানতেন না বলে জানালেন।
গতকাল শহরের গ্রীণসুপার মার্কেট, বর্ষণ সুপার মার্কেট, সোনারবাংলা মার্কেট, গুলসান মার্কেট, গুলসান সিনেমা বিল্ডিং মার্কেট, এফ রহমান সুপার মার্কেট, দেলওয়ার হোসাইন সুপার মার্কেট, ডাঃ মাহাবুব সুপার মার্কেট, আজহার সুপার মার্কেট, ওয়ালী সুপার মার্কেট, জলিল সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, টোকিও প্লাজা-১, ডিআইটি ইলেক্ট্রনিক্স মার্কেট, জামির মার্কেট, দেওভোগ কাটা কাপড় মার্কেট, উকিলপাড়া, নয়ামাটি, রয়েল প্লাজাসহ সকল মার্কেটেই মানুষের উপচে পড়া ভিড়।
সরেজমিনে শহরের বড় বড় মার্কেটগুলো ঘুরে দেখা গেছে। দলে দলে মানুষ আসছেন। প্রতি দশজন ক্রেতাদের মধ্যে অন্তত দু’টি মিশু থাকছে। কেহ সামাজিক দূরত্ব মানছেন না। ভুলে গেছেন করোনার কথা। শহরের ডায়মন্ড চত্ত্বরে অটোতে চড়ে শহরের দেওভোগ পানির ট্যাংকী থেকে ৫ জন এসেছেন মার্কেট করতে। তাদের সাথে একটি শিশু দেখা গেছে।
রাস্তা পার হয়ে তারা হুড়মূড় করে ঢুকে পড়লেন গ্রীণ সুপার মার্কেটে। কেহই হাত ধুলেন না। তবে মার্কেটের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবক তাদের হাতে স্যানিটাইজার স্প্রে করে দেন। এই প্রতিবেদক পিছু নিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন বাচ্চা সাথে আনলেন কেনো ? সোজা উত্তর দিলেন এক মহিলা বাচ্চা কি খাবার চায়নি। বাচ্চার জন্য জামা কিনবো, জুতা কিনবো। মাপটা কে দিবে ?


