Logo
Logo
×

নগর জুড়ে

বেচাকেনা কম

ঝুঁকি নিয়ে মার্কেটে ভিড়

Icon

ইমতিয়াজ আহমেদ

প্রকাশ: ১১ মে ২০২০, ১২:৩৩ পিএম

ঝুঁকি নিয়ে মার্কেটে ভিড়
Swapno

মার্কেট খোলার প্রথম দিনে শহরের গুরুত্বপূর্ণ মার্কেটগুলো খুলেছে। অধিকাংশ মার্কেটের সামনে ছিল হাত ধোয়ার ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবকরা মার্কেটে ঢুকতেই ক্রেতার হাতে স্যানিটাইজার স্প্রে করে দেন। তাছাড়া মার্কেটের প্রবেশ পথে ছিল ব্লিচিং পাউডার মিশ্রিত পানিতে ভেজানো চটের বস্তা।

 

অনেকেই মার্কেটে বাচ্চা নিয়ে এসেছেন। অধিকাংশ মার্কেটেই ছিলনা স্বাস্থ্যবিধি মেনে চলার মাইকিংএর ব্যবস্থা। কাঁচাবাজারে আগের মতই সামাজিক দূরত্ব লংঘনের চিত্র চোখে পড়েছে। তবে মার্কেটের দোকান মালিকরা ছিলেন সতর্ক। দেওভোগ কাটা কাপড় মার্কেটে পাইকাররা সবাই দোকান খুলেছে। অধিকাংশরেই সাইদ-বাট্টা হয়েছে। তবে বেচাকেনা তেমন নেই।

 

তাছাড়া দেশের বিভিন্ন স্থানে মার্কেট বন্ধের ঘোষনা আসায় পাইকাররা প্রমাদ গুণছেন। কেননা নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায়  তৈরী পোষাকের চালান যায়। গতকাল পর্যন্ত দূরের পাইকাররা যোগাযোগ করেনি। এছাড়া শহরের অন্যান্য মার্কেটগুলোর দোকানপাট খোলাই ছিল। বেচাকেনা ছিলনা বললেই চলে। টুকটাক বেচাকেনায় সন্তুষ্ট নন ব্যবসায়ীরা।

 

তাঁরা করোনা পরিস্থিতিকে বর্ণনা করলেন যুদ্ধাবস্থার সাথে। তবুও এক বুক আশা নিয়ে সকলে দোকান করলেন বিকেল ৪ টা অবদি। গতকাল প্রথম দিনেই স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দূরত্ব বজায় না থাকাসহ সরকারি বিধি নিষেধ লংঘিত হওয়ায় প্রশাসন বন্ধ করে দেয় মহিলাদের প্রিয় মার্কেট শায়েস্তা খান সড়কের ‘ফ্রেন্ডস সুপার মার্কেট’।

 

দুপুরে মার্কেটটি বন্ধ হওয়ার খবর অতি দ্রুত ছড়ায় শহরময়। শহরের প্রধান বাণিজ্যিক এলাকা ডিআইটি মার্কেটও খুলেছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিআইটি মার্কেট বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন যুগের চিন্তাকে জানান, টুকটাক বেচাকেনা হয়েছে। অনেকে দোকান বন্ধ রেখেছেন।

 

তবে সকল ইলেক্ট্রনিক্স দোকান খোলা ছিল। মানুষ স্বাভাবিক সময়ের মত চলাফেরা করছে। আমার মতে ঈদের ছুটি পর্যন্ত বন্ধ থাকলে ভাল হত। সামাজিক দূরত্বটাই ফলদায়ক। গার্মেন্টস খুলে দেয়া ঠিক হয়নি। আসলে গার্মেন্টস নেতৃবন্দের চাপেই সরকার গার্মেন্টস খুলেছে। এটা  মোটেও সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি।

 

গার্মেন্টস, মসজিদ, মার্কেট সব খুল্লাম-খুল্লা ছাইরা দেয়ায় করোনা আক্রান্ত আরো বাড়বে। আল্লাহপাক আমাদের হেফাজত করুক। এভাবে সবকিছুতে ঢিলেঢালা ভাব বিপদ ডেকে আনবে। মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বড় ধরনের বিপদের শংকা বোধ করছি। বন্ধ থাকলেই আমরা নিরাপদ থাকতাম। তবুও মার্কেটে কেহ আসলে যেন নিরাপদ হয়েই আসেন। 


‘সবটাই ঝুঁকিপূর্ণ। তবুও আমরা দোকান খুলছি। আমাদের মালামাল স্টকে আছে। মানুষ কি করবো ? মানুষ অত বোঝেনা। নিজে নিজে বাঁচতে চায়। তবে মার্কেট খোলাতে আমাদের মত ব্যবসায়ীদের লাভ হবে। অন্তত কর্মচারীদের বেতন ও দোকান ভাড়াটা যেন পরিশোধ করতে পারি।’

 

এ কথাগুলো বললেন শহরের ডায়মন্ড সিনেমা মার্কেট সংলগ্ন জামির মার্কেটের রাসেল গার্মেন্টস এর মালিক মো: আবুল কালাম। তিনি আরো বলেন, আজকে দোকান মার্কেটের সবার পরে আমি দোকান খুলেছি।  বেচাকেনা কম। দুপুর আড়াইটা পর্যন্ত ৫ হাজার টাকা বিক্রি করেছি। অথচ গত বছর এ সময় বিক্রি করেছিলাম এক দেড় লাখ টাকা।

 

এবারতো করোনা সংকট চলছে। তবে অন্যান্য জেলায় মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে ব্যবসায়ীরা। এমনটা হলে আমাদের পাইকারী ব্যবসা লাটে উঠবে। মার্কেট খুলেও লাভ হবেনা। জামির মার্কেটে মোট ২৮ টি দোকান। সবগুলো দোকান খুলেছে। পাইকারী মার্কেট বিধায় ক্রেতারা বেশ সচেতন। 


গ্রীণ সুপার মার্কেট। শাড়ী কাপড় ও তৈরী পোষাকের অন্যতম মার্কেট। এই মার্কেটের সামনে হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। দু’জন স্বেচ্ছাসেবীও ছিলেন। কথা হয় নঈম শাড়ী বিতানের মালিক আবু নঈমের সাথে। তিনি জানান, কাস্টমার নাই। অবস্থা ভাল না।

 

আজকে প্রথম দিন সাইদ-বাট্টা করেছি। দু’একদিন পর মার্কেট চালু হতে পারে। গ্রীণ সুপার মার্কেটে ৩৫টি দোকান রয়েছে। অধিকাংশই  খোলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার চিত্র ছিল স্বাভাবিক। 


বর্ষন সুপার মার্কেটে জালালউদ্দিন ক্লথ ষ্টোর এর প্রো: মো: সালাউদ্দিন জানান, ভাই কাস্টমার নাই। সাইদ-বাট্টা অইছে। প্রথম দিন মানুষ নাই। কারো হাতে টাকা নাই। কয়দিন গেলে বুঝা যাইবো। এই মার্কেটে ৪২টি দোকান। সবাই দোকান খুলছে। মার্কেটের সামনে হাত ধোয়ার বেসিন ছিল। 


সব সময় জমজমাট সোনার বাংলা মার্কেট গতকাল ছিল কিছুটা নিরব। দীর্ঘ বন্ধের পর মাত্র মার্কেট খুলেছে। রিতু ক্লথ স্টোরে ঢুকে সালাম দিতেই দোকানী বলেন, ভাই কি লাগবে। এ প্রতিবেদক মার্কেটের হাল জানতে চাইলে দোকানী বলেন, প্রথমে অবস্থা একটু খারাপ হবে। দু’একদিন পরে গিয়ে ভাল হবে।

 

সোনার বাংলা মার্কেটে মোট দোকান ২৮০ টি। অধিকাংশ দোকান খুলেছে। এই মার্কেটে কথা হয় শরীফ মেশিনারিজের প্রো: শরীফুল ইসলামের সাথে। তিনি বলেন, প্রথম দিন কাস্টমার নাই। অনেকে জানেনা । তাছাড়া আমাদের মেশিনারীজের দোকান ও ইলেক্ট্রিক দোকানদারদের সমস্যা আছে। আমরা মাল আনি ঢাকার নবাবপুর মার্কেট থেকে।

 

এখনতো নবাবপুর মার্কেট বন্ধ। আমাদের কাছে যে মালামাল আছে তাতে দু’দিন দোকান চালানো যাবে। এরপর মাল পাবো কোথায় ? অতএব দোকান খোলায় আমাদের কোন উপকার হয়নি। এই মার্কেটে ২৮০টি দোকানের মধ্যে মেশিনারীজের দোকান ৮টি, হেভি ইলেক্ট্রিক্যাল ৭টি, হার্ডওয়্যার ৫টি ও ৫০টি ইলেক্ট্রনিক্সের দোকান আছে। সবাই নবাবপুর মুখি। 


এরপর কথা হয় সোনার বাংলা মার্কেটের টেইলারিং সেকশনে। স্টাইল টেইলার্সের মাস্টার হুমায়ুন কবির মিল্টন যুগের চিন্তাকে জানান, ভাই মাত্র দোকান খুললাম। টুকটাক কাস্টমার আসছে। যারা আসছে তারা পরিচিত। পুরাতন মাল ডেলিভারি দিচ্ছি। এখন কাবলি আর পাঞ্জাবীর অর্ডার পাচ্ছি। এই মার্কেটে ৫০টি টেইলারিং এর দোকান আছে। প্রথম দিনে সবগুলো খোলেনি। 


গুলসান মার্কেটে কথা হয় বিচিত্র ক্লথ স্টোরের মো: ইমনের সাথে। তিনি জানান, ক্রেতা নাই। বিক্রি নাই। সাইদ-বাট্টাও নাই। এই মার্কেটে সবমিলিয়ে ৫২টি দোকান। এরমধ্যে থান কাপড়ের দোকান ১২টি। সবগুলো দোকানই খুলেছে। মদিনা ক্লথ স্টোরে কথা হয় সেলসম্যানদের সাথে। তারা জানায়, মার্কেটের সেলসম্যানদের অবস্থা খারাপ। ২ মাস ধরে বেতন নাই। বেচাকেনা না হলে আমরা চলবো কি করে। 


শফিক ক্লথ স্টোরে কথা হয় মো: শফিকুল ইসলামের সাথে। তিনি যুগের চিন্তাকে জানান, সাইদ-বাট্টা করছি। মার্কেটে লোক আসছে কম। যারা আসছে তারা সতর্ক নয়। মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা আছে। লোকজন না বললে হাত ধোয়না। সবারই সেফটিতে থাকা ভাল। দীর্ঘদিন বন্ধ থাকায় মধ্যবিত্তদের মরার অবস্থা হয়ে গেছে। এ জন্য দোকান খুলছি।

 

নইলে খুলতামনা। আমি নিজেই করোনা জয় করেছি। এখন পুরোপুরি সুস্থ। দেখি ঈদের আগে বেচাকেনা কেমন হয়। আর যাই হোক কর্মচারীদের বেতনটাতো দিতে পারবো। 


শফিকুল ইসলামের সাথে কথা বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন পাশের  রেহানা চাঁন ক্লথ স্টোরের মালিক মো: সোহেল। তার খিঁচুনি উঠে গিয়ে ছিল। লোকজন তাকে অটোতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়। 


গুলসান সিনেমা বিল্ডিং মার্কেটে ঢাকা সুজ এ গিয়ে দেখা যায়, সেলসম্যান এক শিশুকে জুতা দেখাচ্ছিলেন। এই প্রতিবেদক শিশুটির  মাকে জিজ্ঞেস করেন, নিষেধ থাকা সত্ত্বেও মার্কেটে বাচ্চা নিয়ে আসলেন কেনো ? মহিলার উত্তর, পায়ের মাপ সঠিকভাবে নেয়ার জন্য বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছি। বাচ্চার পায়ের জুতা কিনতে বাচ্চাতো লাগবেই। তবে আমরা সতর্ক আছি।

 

বাচ্চার মুখে মাস্ক পড়িয়েছি। দোকানী বললেন, বেচাকেনা কম। প্রথম দিন। টুকটাক বিক্রি আছে। এই দোকান থেকে বাচ্চাসহ একজন মহিলা বেরিয়ে যেতেই ঢুকলেন আরেকজন মহিলা। তার সাথেও বাচ্চা। আড়াইবছরের শিশু আয়েশা সিদ্দিকার জন্য জুতা কিনবেন। আয়েশার মা বললেন উনি জানতেন না যে মার্কেটে বাচ্চা আনা যাবেনা।


একই মার্কেটের মা স্টোরে কথা হয় মো: সাইদুল্লাহ এর সাথে। তিনি জানান, ব্যাগের দোকান। এক মাস দোকান বন্ধ ছিল। দোকান ভরা ধূলোবালি। এসব পরিস্কার করতেই দু’দিন চলে যাবে। বেচাকেনা নেই। 


এক সময়ে শহরের অন্যতম আধুনিক মার্কেট ছিল এফ রহমান সুপার মার্কেট। এখানে কথা হয় সপ্তবর্না শাড়িজ এর মালিক মো: ওবায়দুল হক সজিবের সাথে। তিনি বলেন, প্রথম দিনে নিজেদের গোছগাছ করতেই গেছে আধাবেলা। কাস্টমার আসলে লাভ। সবাইতো বাঁচতে চায়। সবাই সমস্যার মধ্যে আছেন। এই মাকের্টে ৫০ টি দোকান রয়েছে। 


সামনে হাঁটতে হাঁটতে মাইকিং এর আওয়াজ পাওয়া গেল। সতর্কবার্তা পাঠ করা হচ্ছে বার বার। ওয়ালী সুপার মার্কেট এর সামনে মাইক লাগানো ছিল। মার্কেটের রিপা শাড়ি বিতান এর প্রো: নেওয়াজ শরীফের লোকজন জানান, প্রথ দিনে বেচাকেনা নাই। সাইদ-বাট্টাও হয়নাই। মার্কেটে মোট ২০টি দোকান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। হাতধোয়ার ব্যবস্থা করা হয়েছে। 


কালীরবাজার স্বর্ণপট্টিতে কথা হয় ব্যাগ ওয়ার্ল্ড এর প্রো: মো: রাজিব খানের সাথে। তিনি বলেন, আমাদের ব্যাগের দোকান। মানুষ মূল কেনাকাটা শেষে গ্রামের বাড়িতে গেলে আমাদের এখানে আসবে। এবার পরিস্থিতি ভিন্ন। আজকে প্রথম দিন। একেবারেই বেচাকেনা নেই। এভাবে চললে দু’তিন দিন দেখবো। তারপর দোকান বন্ধ করে দিব। 


জলিল সুপার মার্কেট এ সিটিজেন সুজ এর প্রো: মনির হোসেন জানান, প্রথম দিন দোকান খুললাম। কাজকর্ম করছি। ২/৩ দিন গেলে বোঝা যাবে মার্কেটের কি অবস্থা। এই মার্কেট এর মা শাড়ী বিতান এর অতুল হালদার বলেন, ভাই ব্যবসা একেবারে নাই।

 

খুবই খারাপ অবস্থা। হয়তো কয়েকদিন গেলে বেচাকেনা হবে। জলিল সুপার মার্কেটে ৩০টি দোকান। আমরা সবাই সতর্ক। স্বাস্থ্যবিধি মেনে চলি। রিয়া কসমেটিকস এর রবিন সিকদার জানান, কাস্টমার খুব কম। সাইদ হয়েছে। 


ডা: মাহাবুব মার্কেটে কথা হয় হৃদয় সুজ এর সিরাজুল হক খোকনের সাথে। তিনি জানান, ২/৩ দিন সময় লাগবে।  বেচাকেনা একেবারেই কম। মার্কেটে ১৪টি দোকান। সকলেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক। দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। ওয়াকার সুজে দেখা গেল ক্রেতা সমাগম ভাল। 


 দেলওয়ার হোসাইন মার্কেটে রাজধানী শাড়ী বিতানের অভিজিৎ রায় বলেন, মাত্র দোকান খুললো। কাস্টমাররা জানবে। তারপর মার্কেটে আসবে। তাছাড়া প্রস্তুতীরও দরকার আছে। অন্যান্য বছরের ন্যায় পনেরো রমজানের সেই হিড়িক নেই। এবারের পরিস্থিতি যুদ্ধের চেয়ে কঠিন হয়ে গেছে। মার্কেটে মোট ১৪টি দোকান। অধিকাংশই খুলেছে। 

 

ইদ্রিস সুপার মার্কেটের রায়হান সুজ এর সেলসম্যানরা জানান, বেচাকেনা খারাপ নয়। আশা করা যায় বেচাকেনা হবে। মার্কেটের ৩৫ টি দোকান। সকলেই আশাবাদি বেচাকেনাটা জমবে। এখনো মানুষের হাতে টাকা পয়সা আসেনি। এই মার্কেটের সকল সেলসম্যানকে মুখে মাস্ক ও হাতের গ্লাভস দেয়া হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন। 

 

 টোকিও প্লাজা-১ কথা ঞয় মম কীডস এর মো: সিদ্দিক এর সাথে। তিনি বলেন, কাস্টমার নাই। গোছগাছ করতেই সময় গেছে। সাইদ-বাট্টা হয় নাই। আমাদের মার্কেটে ৪০টি দোকান। এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই। 


আজহার সুপার মার্কেটে কথা হয় ফ্যাশন জুয়েলার্সে। একজন সেলসম্যান জানান, কাস্টমার নাই। টুকটাক বেচাকেনা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন