নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, আল্লাহর রহমতের আশা করে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক বাড়ির ছাদে ও স্কুলের ছাদে ফসলের চাষ করতে হবে। দুর্ভিক্ষ যদি লেগে যায় তাহলে এর থেকে বাঁচতে তখন এই উদ্যোগটাই কাজে লাগবে। প্রতিটা জমিতে চাষের ব্যবস্থা করেন এবং আপনারা ঘরে বাচ্চাগুলোকে ভালো রাখেন।
শনিবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ কলেজ মাঠে শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, শস্য উৎপাদন ও রপ্তানী করতে পারি সে জন্য আমাদের নারায়ণগঞ্জে ৭টি থানা এলাকার মানুষকে উদ্যোগী হতে হবে। ইউরোপ থেকে বলা হচ্ছে করোনা ভাইরাস সবচেয়ে বেশি তাকেই আক্রান্ত করে যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে। আর ভিটামিন ডি ঘরে বসে থাকলে বেশি হয় না। তার জন্য আপনি এবং আপনার সন্তানদের অন্তত দুই ঘণ্টার জন্য হলেও রোদে রাখুন। আজকে থেকেই আপনি এটা শুরু করতে পারেন। আর আপনাদের চাষের জমিগুলোতে চাষের ব্যবস্থা করুন। এটা এপ্রিল মাস চাষের সময় বৃক্ষ রোপণের সময় তাই বেশি বেশি গাছ লাগান।
তিনি আরও বলেন, আজকে বোরো ধান হয়েছে কৃষকরা কাটতে পারছেনা। এটার মাথাব্যথা প্রধানমন্ত্রীর। উনি এ সমস্যাকে যান্ত্রিকভাবে, ছাত্রদের মাধ্যমে এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় মানুষ পাঠিয়ে আমরা কৃষকদে ধান ঘরে তুলতে পেরেছি। আগামী নয় মাস চালের সমস্যা হওয়ার কোনো কারণ থাকবে না। সুতরাং আমরা এলাকাভিত্তিক যদি কাজ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হতে পারে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা যে জেলারই মানুষ হয়ে থাকেন না কেন। নারায়ণগঞ্জকে সম্মান করেন। নারায়ণগঞ্জকে ভালোবাসেন। ঈদের ছুটিতে কেউ বাড়ি যাবেন না। একটা ঈদ সংযম করুন। আপনার ছেলেমেয়েকে যা দিবেন আপনার পাশের বাড়ির ছেলেমেয়েকেও যাতে দিতে পারেন। এই ঈদে খাদ্যদ্রব্য কমিয়ে দিয়েও হলেও কেনাকাটা কমিয়ে দেয়া হলেও যেন আপনি সহযোগীতা করতে পারেন সে মনোভাব রাখুন।
অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ একসময় পাটের জন্য বিখ্যাত ছিলো। রাজনৈতিক কারণে আমাদের বস্ত্র এবং পাট দুটোকেই ধ্বংস করে দেয়া হয়েছে। কারণ নারায়ণগঞ্জ সবসময় আন্দোলনে আগে থাকতো। বিশ্বের অষ্টমাশ্চার্যের একটি ছিল আদমজী জুট মিল। কিন্তু তা খেয়ে ফেলা হল। আমার বাওয়া জুট মিল, আদর্শ জুট মিল, ঢাকেশ্বরী খেয়ে ফেলা হল। পরবর্তীতে আমরা প্রধানন্ত্রীর দিক নির্দেশনায় ১৯৯৬ সালে আমাকে ডেকে বললেন আমাদের হোসিয়ারী শিল্পকে রপ্তানীযোগ্য শিল্প হিসেবে গড়ে তোলার জন্য। তখনই আমরা বিএকএমই সৃষ্টি করলাম। আজকে কিন্তু আমরা আরএমজিএ (পোশাক শিল্পে) প্রথম অবস্থানে আছি।
সেলিম ওসমান বলেন, করোনা আসার কারণে নারায়ণগঞ্জের দুরবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে পেরেছেন। আমরা দুইভাই চেষ্টা করবো একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য। নারায়ণগঞ্জ আর আগের নারায়ণগঞ্জ থাকবে না। বিভিন্ন জেলার মানুষ যে নারায়ণগঞ্জে এসে উপার্জন করেন আজকে করোনা সেটা প্রমাণ করে দিয়েছে। বিকেএমই থেকে রংপুরে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রায় ১৫ হাজার নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সক্ষম হয়েছি। আমরা নারায়ণগঞ্জবাসী হোসিয়ারি থেকে নীট শিল্প করে দেশের বৃহৎ অংশ আজকে বৈদেশিক মুদ্রা অর্জন করছি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অব ইন্ডস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, জাতীয় পার্টির জেলা আহবায়ক আবুল জাহের, চেম্বার পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ২৩ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।


