Logo
Logo
×

নগর জুড়ে

ত্বকীসহ করোনায় নিহতদের স্মরণে গৃহে গৃহে আলোক প্রজ্বালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:১০ পিএম

ত্বকীসহ করোনায় নিহতদের স্মরণে গৃহে গৃহে আলোক প্রজ্বালন
Swapno

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ সারা বিশ্বের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের স্মরণ ও বিশ্ব শান্তি কামনায় একযোগে দুই শতাধিক গৃহে সামাজিক দূরত্ব মেনে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা প্রায় দুই শতাধিক বাড়িতে এই কর্মসূচি পালন করেন।

 

নিহত ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, ইতিহাসের কঠিন এক সময় আমরা এখন অতিবাহিত করছি। প্রতিদিন হাজারো মানুষ করোনায় মৃত্যুবরণ করছে। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়। মানব-শূন্য পৃথিবী আমরা চাই না। আমরা যে পৃথিবীর স্বপ্ন দেখি, সেখানে মানুষসহ পশু-পাখি, মাছ, বৃক্ষ, নদী-প্রকৃতি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতেন তাদের অনেকেই আজ করোনার ছোবলে মৃত্যুবরণ করছেন। কিন্তু আমরা কাউকে হারাতে চাই না। 

 

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বা বিচ্ছিন্নতা সাময়িক এক প্রতিষেধক হলেও যুথবদ্ধতা ও ঐক্যই কেবল মুক্তির চূড়ান্ত শক্তি। আজকে এ আলোক প্রজ্বালনের মধ্যদিয়ে আমারা স্ব-স্ব ঘরে থেকেও আলো হাতে যুক্ত হয়েছি একে অপরের সাথে। এ সংযুক্তি সে বোধ তৈরি করবে; আমরা এ অন্ধকার থেকে আলোয়ে ফিরে যাবো।

 

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায় বলেন, ত্বকী হত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে প্রতি মাসের ৮ তারিখে মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে এ হত্যাকান্ডের বিচার হয়নি। ৮৬ মাস উপলক্ষ্যে আলোক প্রজ্জ্বালন কর্মসূচির মাধ্যমে ত্বকীসহ সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে নিহতদের স্মরণ করছি।

 

নিজ নিজ অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দিপু, সমগীতের সভাপতি অমল আকাশ, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা কমিটির সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। 

 

ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন