দেশে সর্বপ্রথম ইটালী প্রবাসী যে দুইজনের মধ্যে করোনা পজেটিভ ধরা পড়ে তারা ছিলেন মুন্সীগঞ্জের অধিবাসী। তারা পরিবার পরিজন নিয়ে নারায়ণগঞ্জের আল জয়নাল প্লাজায় ভাড়া থাকতেন। তাদের সাথে তাদের পরিবারের আরো একজন করোনা পজেটিভ হয়। মূলত এরপর থেকেই নারায়ণগঞ্জে করোনা আতংক দেখা দেয়।
নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকলে এই জেলাকে প্রথমে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করে। করোনা ঝুঁকি এই জেলাতে বেশি হওয়ার কারণে বেশির ভাগ মানুষ ঘরের মধ্যেই অবস্থান করছিল।
সম্প্রতি সরকার কর্তৃক শিল্প প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ার ঘোষণা দেয়ার পর নারায়ণগঞ্জের শহরে মানুষের চলাচল বাড়ছে। বিভিন্ন এলাকা,পাড়া মহল্লা এমনকি শহরেও মানুষের ঘোরাফেরা লক্ষ্য করার মতো।
অদৃশ্য ঘাতক করোনা মোকাবেলায় বাংলাদেশে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন গন মাধ্যমে চালাচ্ছেন প্রচার প্রচারণা। তবে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত জেলা হওয়ার কারণে শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে বের হচ্ছেন সড়কে।
সম্প্রতি সরকারের পক্ষ থেকে শিল্প মালিকদের প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। এ পর্যন্ত নারায়নগঞ্জে মোট আক্রান্ত ১১২৩, মৃত্যু ৫১, সুস্থ-৫৮, হোম কোয়ারেন্টাইনে ৬৮৫, কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬৬৩জন। অপরদিকে ১ মার্চ থেকে দেশে ফিরেছেন ৬১০৯ এবং বিদেশ ফেরতদের মধ্যে ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে ১২৯৯ জনের।
বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গত কয়েকদিনের মতো কর্মস্থলে যোগদান করেছে শ্রমিকরা। তবে যে পরিমান সুরক্ষা নিয়ে একজন শ্রমিককে প্রতিষ্ঠানে প্রবেশের বিধি নিষেধ রয়েছে তা মানছে না অনেকে। সেদিক থেকে করোনা ভাইরাস প্রতিরোধে শিল্প মালিক ও শ্রমিকরা যদি সচেতন না হয় তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
নারায়ণগঞ্জ শহরে বিগত দুইদিনের তুলনায় বুধবার বিকেলে জনসমাগম বৃদ্ধি পেয়েছে। দোকান মালিকরা তাদের দোকান খোলার জন্য প্রস্তুতী নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মে তারা দোকান খুলবে। আর দোকান খোলা হলে শহরে মানুষের সমাগম বাড়বে। চিরচেনা জনবহুল নারায়ণগঞ্জ শহরের চিত্র একটু একটু করে ফিরে আসছে।


