স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, আমরা শুধু নারায়ণগঞ্জের মানুষ না সারা বাংলাদেশের মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করেছি। কিন্তু হয়তো আমাদের নারায়ণগঞ্জবাসীকে এতদিন মূল্যায়ন করা হয়নি। আজকে এ ল্যাব স্থাপনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আমাদের যে মূল্যায়ন করেছেন আমি চেষ্টা করবো তার সাথে থেকে নারায়ণগঞ্জে শিক্ষা ও হাসপাতালের উন্নয়নের জন্য কাজ করতে।
বুধবার (৬ মে) দুপুরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোবনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন জেলা প্রশাসকের কাছে এখন আমার একটাই দাবি ডাক্তার নার্সদের জন্য যথাযথ বসবাসের ব্যবস্থা। আমার ব্যবসায়ীরা আমার কাছে প্রায় এক কোটি টাকা অনুদান জমা দিয়েছেন। এক কোটি টাকার ফান্ড আমরা তৈরি করেছি। সেখান থেকে ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। যার যার জায়গা থেকে কাজগুলো ঠিকভাবে কাজ করলে কাজ আরো সহজ হয়ে যাবে।
আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছি গুজবের কারণে এ কথা উল্লেখ করে সেলিম ওসমান বলেন, গুজব করে আমাদের নারায়ণগঞ্জের মানুষের হাজার হাজার টাকা ভাতা নেয়া হয়েছে। রাতের ২টায় আজান দিয়ে এলাকায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এরকম কাজ যদি কেউ আবার করে তাহলে তাদের শুধু ধরিয়ে দেবেন। একজন গুজবকারী খুনির চেয়েও খারাপ।
ল্যাব স্থাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং তাঁর জন্য দোয়া কামনা করেন ডাক্তারদের হায়াৎ দানের জন্য সবার কাছে দোয়াও চান সেলিম ওসমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জ ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা সরকার সঞ্চয় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল প্রমুখ।


