করোনার পর ভয়াবহ বিপদ আসতে চলেছে সেটা হল দুর্ভিক্ষ : সেলিম ওসমান
প্রকাশ: ০৬ মে ২০২০, ০৭:১৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, আল্লাহ বিপদ তখনই দেন যখন শিক্ষার অভাব হয়। শিক্ষাকে আবার সমৃদ্ধ করার জন্য আল্লাহ একটি বিপদ দেন। কত ঝড় দেবেন, বন্যা দিয়েছেন আমরা কি পেরে উঠি নি। নয় মাস যুদ্ধ করে কি আমরা দেশকে স্বাধীন করিনি। এখনও পারবো।
তিনি বলেন, লকডাউন খুলে না দিলে আমাদের রুজিরোজগার কীভাবে হবে। কারণ করোনার পর ভয়াবহ বিপদ আসতে চলেছে সেটা হল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ কিন্তু করোনাকে ছাড়িয়ে যাবে। তাই স্বাস্থ্য সুরক্ষা রেখে নিরাপদ দূরত্ব রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ ও চলাফেরা করতে হবে। কিন্তু বাজারগুলোতে গেলে দেখা যায় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। বাজার করছে।
বুধবার (৬ মে) দুপুরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোবনকালে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জকে শান্ত রাখার দায়িত্ব যদি গণমাধ্যমগুলো নেয় তাহলে আমরা আমাদের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো। আমরা ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়েছি। ইতিমধ্যেই আমরা বার একাডেমী স্কুলসহ অন্যস্কুলগুলোতে নার্স, স্বাস্থকর্মীদের থাকার জন্য ব্যবস্থা করেছি। দ্রুত স্কুলগুলোও খুলে দেয়া হবে। তখন আমরা কোথায় যাব। তাই কালিবাজারে যে কোর্ট ভবনটা হয়ে আছে সেখানে আমরা ডাক্তার, নার্সদের জন্য অত্যাধুনিক বাসস্থানের ব্যবস্থা করবো।
তিনি বলেন, ইতিমধ্যেই আমরা দুইটা বাস দিয়েছি। স্কুলের বাচ্চাদেও জন্য। সে বাসগুলো ডাক্তার, নার্সদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। এখানে নিয়মকানুন যাতে সব মানা হয়। আমার ডাক্তার নার্সদের ওপর যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়। যদি ওই ধরনের কিছু হয় তাহলে আমরা আত্মসমর্পন করবো। এ ল্যাব চালাতে পারবো না। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ রাখলাম আপনারা আগে জেনে নিন তারপর টেস্ট করাতে আসবেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী ইতিমধ্যেই একটা জিনিস প্রমাণ করেছে যেমন কুমিল্লা গেলে নারায়ণগঞ্জের করোনা, দিনাজপুরে হলে নারায়ণগঞ্জের করোনা। আমি বলেছি আমাদের নারায়ণগঞ্জে ভাসমান মানুষ হচ্ছে ৮০ শতাংশ। তারা এখান থেকে রুজি রোজগার করে নিজেদের এলাকায় স্বয়ংসম্পূর্ণ। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অন্তত ২৫ লাখ লোক হলে ১০ লাখ লোক অন্য জেলা থেকে আসা। রংপুরের এখানে অনেক লোক আছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জ ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা সরকার সঞ্চয় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল প্রমুখ।


