Logo
Logo
×

নগর জুড়ে

হোসিয়ারী চালুর অনুমতি চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৩:৪০ পিএম

হোসিয়ারী চালুর অনুমতি চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
Swapno

বিশেষ প্রতিনিধি : ‘ভাই  হোসিয়ারী মার্কেট খোলার অনুমতি না দিলে মইরা যামুগা। দেয়ালে পিঠ ঠেইক্কা গেছে। সবশেষ। আমাগো সিজনাল ব্যবসা।

 

ঘরে কারিগরকো ঠিকমত খাওয়াইতে পারতাছিনা। বেতনতো জমছেই। সরকার আমাগো আবেদনটা যেনো মঞ্জুর করেন।’ এই আকুতি হোসিয়ারী ব্যবসায়ী  মো: বাবুল দেওয়ানের। তিনি  দেওভোগ পোষাক প্রস্তুতকারক।


কাটা মার্কেট খ্যাত সোহরাওয়ার্দী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। মার্কেটের সভাপতি আবু বকর সিদ্দিক লিলু ভুঁইয়ার বক্তব্য একই ধরনের। তাঁরা জানান, আমরা অন্তত আধা বেলা মার্কেট খোলার অনুমতি চেয়েছি। আমাদের মালামাল ৬৪ জেলাতেই যায়। সারাবছর মাল বানাইছি। একের পর এক সিজন মাইর খাইলাম। এইটা শেষ সিজন এবং বড় সিজন।

 

পবিত্র রমজান মাসেই আমরা বছরের সবচেয়ে বড় বেচাকেনা করি। বলা যায় সারাবছরের হিসাব মিলাই এই সিজনে। কাজেই সীমিত আকারে হলেও হোসিয়ারী ব্যবসায়ীরা সুযোগ চায়। 

 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জে ৩ হাজার হোসিয়ারী রয়েছে। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে দেড় লাখ শ্রমিক। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা শহরের নয়ামাটি, উকিলপাড়া, দেওভোগ, নন্দিপাড়া, লয়েল ট্যা্কং রোড এলাকায় সারাবছর ব্যবসা করে।

 

এবার করোনা সংকটে এ সকল ব্যবসায়ীদের চরম সর্বনাশ হয়েছে। গেল বৈশাখে কোন লেনদেন হয়নি। মার্কেটে বকেয়া বিল বকেয়াই রয়ে গেছে। কারিগরেরা বেকার। তবুও বেতন গুণতে হবে। জমেছে দোকান ভাড়া ও বাসা ভাড়া। রমজানের এক সপ্তাহ চলে গেছে।

 

এখন একটু সুযোগ না পেলে স্টক করা মাল বিক্রি করা যাবেনা। অনেকেই পথে বসে যাবে। এই দিকটি খেয়াল রেখে গত ২মে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়শেন সরকারের কাছে অর্ধবেলা দোকান খোলার অনুমতি প্রার্থনা করেছে এফবিসিসিআই এর মাধ্যমে।


সূত্রমতে, এফবিসিসিআই বরাবর দেয়া চিঠিতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল চিঠিতে উল্লেখ করেন  হোসিয়ারী শিল্প  দেশের বস্ত্র খাতের উপ-খাত হিসেবে চিহ্নিত।  হোসিয়ারী শিল্প ও শিল্প অধ্যুষিত ও ব্যবসা সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলায় ১৯৫০ দশকে  হোসিয়ারী শিল্পের অগ্রযাত্রা শুরু হয়।

 

ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, কুমিল্লা, পাবনা, গাজীপুর সহ বিভিন্ন জেলায় অবস্থিত প্রায় ৩ হাজার  হোসিয়ারী শিল্প ইউনিট এসোসিয়েশনের সদস্য। এ শিল্পে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১ লক্ষ শ্রমিক কাজ করে যাচ্ছে।

 

বৎসরে প্রায় ১৫-১৬ শত কোটি টাকা স্থানীয়ভাবে  হোসিয়ারী উৎপাদিত পণ্যের টার্নওভার অর্জিত হয় এবং অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত  হোসিয়ারী পণ্য দেশের সর্বস্তরের জনগনের চাহিদা মেটাতে সক্ষম হয় ।

 

 হোসিয়ারী শিল্পে মৌসুম ভিত্তিক চাহিদার প্রেক্ষাপটে গ্রীষ্মকালে গেঞ্জি, আন্ডার ওয়্যার এবং শীতকালে সুয়েটার, কার্ডিগান, মাফলার, টুপি, বেবীসেট সহ নানাবিধ যুগোপযোগী  হোসিয়ারী পণ্য উৎপাদন করা হয়।

 

 হোসিয়ারী শিল্প আমদানি নির্ভরশীল শিল্প । হোসিয়ারী পণ্য উৎপাদনে কাঁচামাল হিসেবে সূই, সিংকার যাবতীয় মেশিন, সূতা, ডাইস ক্যামিকেল, জিপার, ইলাষ্ট্রিক,  বোতাম, কাড বোর্ড, হাড  বোর্ড, পলি, টিকিট ইত্যাদি উপকরন আমদানি করতে হয়।

 

গত বৎসরের শেষ দিকে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের আমদানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে । সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সকল  হোসিয়ারী প্রতিষ্ঠান বন্ধ থাকায়  হোসিয়ারী মালিকগণ চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়ে মানবেতর জীবন যাপন করছে এবং আর্থিক দৈনদশায় পতিত হয়েছেন। এ অবস্থা বিরাজমান থাকলে  হোসিয়ারী মালিকগন ব্যবসার মূলধন হারিয়ে নিঃসন্দেহে চরম আর্থিক সংকটে পতিত হবেন ।

 

চিঠিতে আরো বলা হয়, হোসিয়ারী শিল্পকে অন্যান্য বৃহদায়তন শিল্পের ন্যায় গন্য করা কোনক্রমেই সমীচীন নয়। কারণ হোসিয়ারী শিল্পে পুঁজি বিনিয়োগ, মূলধন, শ্রমিক সংখ্যা এবং শিল্প প্রতিষ্ঠানের জায়গার পরিমাণ বৃহদায়তন শিল্পের মত নয়। ঐতিহ্যবাহী হোসিয়ারী শিল্পের অস্তিত্ব রক্ষা এবং গতিশীল উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি প্রণোদনা দরকার। 

 

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় ২ মাস যাবত বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোতে মজুতকৃত উৎপাদিত হোসিয়ারী পণ্যগুলো আসন্ন ঈদুল ফিতরে বিক্রি করতে না পারলে ক্ষুদ্র ক্ষুদ্র ও স্বল্প পুঁজি সম্পন্ন হোসিয়ারী মালিকগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন ।

 

অন্যদিকে তারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে ব্যবসার মূলধন হারিয়ে অসহায় ও নিঃস্ব হওয়ার আশংকা তীব্রভাবে দেখা দেয়ার উপক্রম হয়েছে। তা ছাড়া হোসিয়ারী শ্রমিকগন তাদের ন্যায্য মজুরী হতেও বঞ্চিত হচ্ছে।

 

অতএব, উপরে বর্ণিত অবস্থার আলোকে হোসিয়ারী শিল্পে নিয়োজিত ক্ষুদ্র ক্ষুদ্র ও স্বল্প পুঁজি সম্পন্ন মালিকদের আর্থিক সংকটের অবস্থা বিবেচনা এবং হোসিয়ারী শিল্পের অস্তিত্ব রক্ষা, গতিশীল উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে ব্যবসায়িক দৃষ্টিকোনের বিবেচনায় যাতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় উৎপাদিত হোসিয়ারী পণ্যগুলো বর্তমান পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত নির্দেশ অনুযায়ী সীমিত আকারে হোসিয়ারী প্রতিষ্ঠানগুলো চালু রেখে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারে তার দিক নির্দেশনা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি । 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন