স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে যখন করোনাভাইরাস সংক্রমণ হাজার অতিক্রম করছে তখন করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন রোগী। তাদেরই একজন নারায়ণগঞ্জের বাসিন্দা অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন ডা. অনিল কুমার বসাক।
১৮ দিন ঢাকার কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকাসহ দীর্ঘ একমাসের চিকিৎসা শেষে করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করে তিনি গত বৃহস্পতিবার বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. অনিল কুমার বসাক।
ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে সিনিয়র কনসাল্টেন্ট পদে থাকা অবস্থায় পাঁচ বছর আগে অবসর গ্রহণ করেন তিনি । এরপর নারায়ণঞ্জের একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ।
তিনি জানান, আমার ধারনা আমার চেম্বার থেকেই আমি করোনা ভাইরাসে আক্রান্ত হই। কারণ আমার অসুস্থ হওয়ার আগে ওই ডায়গনস্টিক সেন্টারে আমার এক সহকর্মী করোনভাইরাসে আক্রান্ত হন। তাছাড়া মার্চ মাসের শেষের দিকে দু-একজন জ্বরে আক্রান্ত রোগীও আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলো।
করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ প্রসঙ্গে চিকিৎসক অনিল কুমার বসাক জানান, মার্চের শেষের দিকে আমার যখন জ্বর অনুভূত হয় তখনও আমি আমার চেম্বারে চিকিৎসা দিচ্ছি। শরীরে তাপমাত্রা ছিলো ৯৯ থেকে ১০০ ডিগ্রির মধ্যে। শুকনো কাশিও ছিলো।
আমি বাসায় এসে সবাইকে আমার ঘরে ঢুকতে নিষেধ করে দিলাম। তবে তখনও আমি নিশ্চিত নই আমি এ ভাইরাসে আক্রান্ত।
তারপর একটি বেসরকারী হাসপাতালে কিছু পরীক্ষা করাই পরে অবস্থার অবনতি হতে থাকলে গত ২ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করালে পরে ফলাফল করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। সাথে সাথে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি হই।
ঢাকার পঙ্গু হাসপাতালের সাবেক সিনিয়র কনসাল্টেন্ট অনিল কুমার বসাক জানান, আমার ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে। তার ওপর গত সাতমাস আগে আমার হার্টে বাইপাস সার্জারি করা হয়।
আর এ ধরণের রোগীদের জন্য করোনাভাইরাস অনেক বেশি ঝুঁকিপূর্ণ। নানা রোগ থাকায় আমার মৃত্যুর ঝুঁকিটাও খুব বেশি ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আমার শারীরিক অবস্থা এত খারাপ হয় যে, আমি হাঁটতেও পারতাম না।
টানা ১৮ দিন ঢাকার কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয় । এর মধ্যে ৫ দিন আমার কোনো জ্ঞান ছিলো না। তারপর চিকিৎসা সেবার সাথে আস্তে আস্তে সুস্থ হতে থাকি ।
অসুস্থতার এ সময়ে সার্বক্ষণিক পাশে ছিল আমার মেজো মেয়ে ডা. নিলীম বসাক। নিলীমা বসাক বর্তমানে ঢাকার পপুলার হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে নিয়োজিত আছে জানিয়ে তিনি বলেন, আমার মেয়ে শুরু থেকেই আমার পাশে ছিলো।
ওই সকল বিষয়গুলো দেখেছে। ওর দ্বারাতেই আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছি। আশ্চর্যের বিষয় হল আমার মেয়ের তিনবার নমুনা পরীক্ষা করানো হয়েছে প্রতিবারই নেগেটিভ এসেছে।
তিনি জানান, আমি যখন অসুস্থ হই তখন বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণে প্রাথমিক অবস্থানে। চিকিৎসকরাও এ ব্যাপারে অজ্ঞাত। তাছাড়া এ রোগের নির্দিষ্ট কোনো ঔষধ না থাকায় বিভিন্নভাবে সেবা দেয়া হয় আমাকে। বিভিন্ন ঔষুধও দেয়া হয়।
এছাড়া হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান তিনিও অনেক সহযোগীতা করেছেন। আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হল ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র)। যখন একেবারেই রোগী শ্বাস নিতে পারে না তখন রোগীর শ্বাস-প্রশ্বাস সরবরাহ করতে রোগীর ফুসফুসে যান্ত্রিকভাবে অক্সিজেন সরবরাহ করা হয়।
আর অনেক সময় ফুসফুসে অক্সিজেন সরবারহ করতে গিয়ে রোগীর মৃত্যুও হয়। আমারও একই অবস্থা ছিলো। কিন্তু আমার মেয়ে আমাকে এটা দিতে দেয়নি। সাধারণভাবেই আমাকে অক্সিজেন সরবরাহ করা হয়।
করোনাভাইরাস বয়স্ক জন্য ঝুঁকিপূর্ণ জানিয়ে সিনিয়র কনসাল্টেন্ট অনিল কুমার বসাক জানান, এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে অধিকাংশই বয়স্ক এবং তারা প্রেসার, ডায়াবেটিস, হার্ট এবং লিভার জাতীয় সমস্যা ভুগছিলো। এছাড়া অনেক কম বয়সী রয়েছে তবে তা তুলনামূলকভাবে কম।
করোনাভাইরাস মুক্তি নিশ্চিত হলেন যেভাবে, তিনি বলেন, সাধারণত পর পর দু’বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলে করোনাভাইরাস আক্রান্ত মুক্ত বলা হচ্ছে। আমারও পর পর দুইবার পরীক্ষায় ফলাফল নেগেটিভ আশায় আমাকে সুস্থ আছি বলে জানানো হয়।
কিন্তু তারপরও কিছু বিষয় থেকে যায়। একই ব্যক্তি একাধিকবার আক্রান্তের ঘটনাও রয়েছে। বাংলাদেশে হয়েছে কিনা জানি না কিন্তু চীনে একাধিক ব্যক্তির একের অধিকবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে করোনাভাইরাস থেকে এখনই একেবারে মুক্তি লাভের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জে সংক্রমণ ঠেকাতে করণীয় প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের ঝুঁকি বেশি। আর এ সংক্রমণ ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষা করাতে হবে। তাহলে বেশি বেশি আক্রান্ত রোগী শনাক্ত হলে তাদের আলাদা করে রাখা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে।
আর এ রোগের অন্যতম চিকিৎসা নিবিড় পরিচর্যায় থাকা। যারা করোনাভাইরাসে আক্রান্ত হবে তাদের অবশ্যই আইশোলেশনে থাকতে হবে। আর সেটা নিজের ঘরে থেকেই সম্ভব। তবে অবস্থা অনুযায়ী তাকে অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে।


