Logo
Logo
×

নগর জুড়ে

অকারণে বেড়েছে রাস্তায় ঘোরাঘুরি

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৩:২০ পিএম

অকারণে বেড়েছে রাস্তায় ঘোরাঘুরি
Swapno

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের অন্যতম প্রবেশপথ মুক্তারপুর সেতু, সাইনবোড, শিমরাইল, পাগলা, পূর্বাচল, ভূলতা-গাউছিয়া, সারুলিয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কাইকারটেক, বন্দরের কয়েকটি পয়েন্ট। এই পয়েন্টগুলো দিয়েই লোকজন নারায়ণগঞ্জে প্রবেশ করে।  

শহরের অন্যান্য সড়ক কমবেশি ফাঁকা হলেও মুক্তারপুর ও সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে পুলিশ কঠোর। অন্যান্য এলাকা দেখে মনে হওয়ার কোন কারণ নেই দেশজুড়ে কার্যত লকডাউন চলছে। 


তাছাড়া কোভিড-১৯ এর মতো  কোন প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ রয়েছে। কারণ এই পয়েন্টে রাতদিন পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে! হ্যাঁ। এটা সত্যি। 


পরিস্থিতি ঠিক এরকম চলছে কয়েক দিন। নারায়ণগঞ্জ লকডাউন ঘোষনার পর  প্রবেশ ও বের হওয়ার বন্ধের ঘোষণার পর থেকে নগরীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি।


 ইন-আউটে ২২ টি চেকপোস্টে প্রতিটি গাড়ি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া হচ্ছে। কোন অসঙ্গতি পাওয়া গেলে যানবাহনের বিরুদ্ধে  দেয়া হচ্ছে মামলা। কিন্তু জেল জরিমানাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না মানুষের বিনা কারণে চলাচল।


পুলিশ বলছে, নগরীর প্রবেশপথগুলোর চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করে দেখাগেছে, অন্তত ৬০ ভাগ মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। বিশেষ করে প্রাইভেটকারে  ও মোটর সাইকেলে  ঘোরাফেরার সংখ্যা বেশি।

 

 জিজ্ঞাসাবাদে বেশিরভাগ লোকজন সহজ উত্তর দেন ব্যাংকে অথবা হাসপাতালে যাব, রোগী আছে। আবার অনেকে অকপটে সত্যটা স্বীকার করে বলেন, ঘরে থাকতে থাকতে একেবারেই দম বন্ধ হয়ে আসছিল। তাই একটু বের হয়েছি।

 

নগরীর নিতাইগঞ্জ, দ্বিগুবাবুর বাজার ও চাষাড়া এলাকা অনেক বেশি জনবহুল। ডায়মন্ড চত্বর ছাড়িয়ে দ্বিগুবাবুর বাজারের দিকে গেলেই মনে হবে দেশে কোন করোনা আক্রান্তের খবর নেই,  নেই মৃত্যুর মতো কোন দুঃসংবাদ। কারণ রাস্তায় রাস্তায় রীতিমতো মানুষের ঢল। বাজার স্বাভাবিক। গমগম করছে মানুষ। চলছে চাপানের দোকান। সবকিছু যেন আগের মতোই। নগরীর ভেতরে এরকম দৃশ্য যে কাউকে বিস্মিত করবে।


আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। অন্যথায় দিন দিন রাস্তায় মানুষের সংখ্যা বাড়বে। 

 

সরকারী ঘোষণা ছাড়াই সবকিছু স্বাভাবিক হতে শুরু করবে। ফলে বাড়বে বিপদ। আক্রান্ত ও মৃত্যু হার লাফিয়ে বাড়ার আশঙ্কা থাকবে এমন পরিস্থিতিতে। নগরীতে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা বেশি! এ বিষয়ে চরম উদাসীনতাও লক্ষ্য করা গেছে অনেকের মধ্যে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ববিদরা বার বার বলছেন, জরুরী প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করতে হবে। খুব বেশি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক, গ্লাভস এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ সেরে দ্রুত বাসায় ফিরতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধোতে হবে। কিন্তু কে শোনে কার কথা।

 

গতকাল দেওভোগ, বাবুরাইল, বৌবাজার, পাইকপাড়া, নিতাইগঞ্জ, তামাকপট্টি, ঋৃষিপাড়া, শহীদনগর, ফেরাজিকান্দা, ইসদাইর, উত্তর চাষাড়া, খানপুর, মাসদাইর, গাবতলী, আফাজনগর, মাসদাইর গুদারাঘাট, পশ্চিম মাসদাইর, বারৈভোগ, আদর্শনগর, পশ্চিম দেওভোগ পানির ট্যাংকী, মাদ্রাসার শেষমাথা, বেপারীপাড়া, তাঁতীপাড়া, বাবুরাইল, ভূঁইয়াপাড়া, বউবাজার, পশ্চিম নগর, লিচুবাগান, আমবাগান, বাংলাবাজার,  দেওয়ান বাড়ি, খিলমার্কেট, গলাচিপা, রূপার বাড়ি, দাতা সড়ক, দেওভোগ পাক্কা রোড, নন্দিপাড়া,  গোয়ালপাড়া ও আশপাশ এলাকায় ঘুরে দেখাগেছে, অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি অনেক বেশি। 

 

রোজার অজুহাতে ফুটপাতসহ বিভিন্ন স্থানে খাবারসহ দোকানপাট খুলতে শুরু করেছে। নগরীর বিভিন্ন রাস্তাঘাটে বাজার ও ওষুধ কেনার অজুহাতে অপেক্ষাকৃত তরুণরা অবাধে ঘোরাফেরা করছেন। কোথাও  কোথাও শারীরিক দূরত্ব তো অনেক দূরের কথা গাঁয়ে গাঁ ঘেঁষে দাঁড়িয়ে আড্ডা মারছেন।


অবস্থাদৃষ্টে কোনভাবেই বোঝার উপায় নেই করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন তারা। চায়ের  দোকানে চলছে আড্ডা। ফুটপাথের দোকানগুলো ছোট্ট পরিসরে খোলা হচ্ছে। ফ্লাক্সে করে চা, সিগারেট বিক্রি চলছে। টিনএজ ছেলেদের মোটারসাইকেল নিয়ে ঝড়ের গতিতে ছুটে চলার দৃশ্য  দেখা যায় অহরহ।


মাসদাইর এলাকার বাসিন্দা আকরাম হোসেন বলেন, রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমেছে। তাই মানুষ ঘর থেকে বেরিয়ে সড়কে ভিড় করতে শুরু করেছেন। এটা বন্ধ করা জরুরী। ট্যাংকীর মোড়ে ভ্রাম্যমাণ বাজারে মানুষের যেন উপচেপড়া ভিড়। 

 

গলাচিপা কলেজ  রোডের বাসিন্দা ফরিদ জানান, বাজার না করেই বাসায় ফিরছি। মানুষের ভিড়ের কারণে নিরাপদ দূরত্বে বাজার করা সম্ভব হচ্ছে না। তাছাড়া অকারণে রাস্তায় রাস্তায় মানুষ হাঁটাচলা করছেন।


নগরীর বাবুরাইল এলাকার একজন বাসিন্দা বলেন, কিছুদিন আগে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের জোরদার টহল দেখলেও এখন আর তাদের দেখা যাচ্ছে না। সরকারীভাবেও তো কোন ঘোষণা আসেনি। ফলে রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। 


জীবন ও জীবিকার তাগিদে বের হতে দিলেও একটা নিয়ম ও কঠোর নজরদারির মধ্যে চলাফেরার সুযোগ দিতে হবে। অন্যথায় নগরীতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেন তিনি।


নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে চলে রাত দিনের আড্ডা। ত্রাণ বিতরণের নামে স্থানীয়  নেতাকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করেন। স্বাস্থ্যবিধি না মেনে ত্রাণ বিতরণ যেমন চলছে তেমনি টিসিবি পণ্য কেনাতেও সুরক্ষার বালাই নেই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সরব হতে শুরু করেছে পাড়া।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন