স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৮টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নূর”ল ইসলাম ও প্যারাডাইস ক্যাবলস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা-মহাসংকটে সবচেয়ে হুমকির মধ্যে পড়েছেন দেশের শ্রমজীবী মানুষ। ‘দিন আনা দিন খাওয়া’ শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে, একদিকে করোনা আতঙ্ক আর অন্যদিকে ক্ষুধার যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন।
সরকার নিরন্ন মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বরাদ্দের সামান্য চালও লুটপাট হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস পুঁজিবাদী সমাজের বিভৎস রূপ তুলে ধরেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, মুনাফার জন্য লুটেরা মালিক শ্রেণি কতটা বেপরোয়া, দায়িত্বহীন, হিংস্র হতে পারে, তা চলমান করোনা-মহাসংকটকালে আবারও স্পষ্ট হয়েছে। হাজার হাজার শ্রমিককে মৃত্যুকূপে ঠেলে দিয়েছে গার্মেন্ট মালিকরা।
সরকারের সঙ্গে যোগসাজসে মালিকরা চাকরিচ্যূতির ভয় দেখিয়ে হাজার হাজার শ্রমিককে শত শত মাইল পায়ে হেঁটে আসতে বাধ্য করেছে। অনেক গার্মেন্টে লে-অফ, শ্রমিক ছাঁটাই চলছে। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই বকেয়া বেতনের দাবিতে প্রতিদিনই শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে।
সরকার ও মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় চলমান ‘সাধারণ ছুটি’র মধ্যেই বেআইনিভাবে শ্রমিকদের বেতনের ৪০ শতাংশ কেটে নেয়া হচ্ছে। দেশবাসী মুনাফালোভীদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
নেতৃবৃন্দ সব ধরনের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে শ্রমিক শ্রেণির লাল ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে অধিকার আদায় করে নিতে হবে। শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র-সাম্যবাদ কায়েমের লক্ষ্যে আন্দোলনকে অগ্রসর করতে হবে।


