না`গঞ্জের মানুষ অন্য জেলায় করোনা ভাইরাস ছড়ায় নি : মেয়র আইভী
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৮:০২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জবাসী ভালো আছে ভালো থাকবে। আমরা ভালো থাকতে চাই। যেহেতু আমরা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস। এমন কোনো জেলার মানুষ নেই যারা নারায়ণগঞ্জে এসে কাজ করে না। সুতরাং নারায়ণগঞ্জের মানুষ কিন্তু অন্য জেলায় গিয়ে করোনা ভাইরাস ছড়ায়নি। এখানে যারা কাজ করতেন তারাই বন্ধের সময় তাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে এ ভাইরাস ছড়িয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নগর ভবনের সামনে করোনা ভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে গরীব-দুঃস্থ ,নিম্ন আয়ের কর্মহীন ১৫ হাজার ৬০০ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের জন্য বিশেষ ওএমসি কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনউদ্দিন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
মেয়র আইভী বলেন, করোনা একটি ঘাতক ভাইরাস। যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কার্যক্রম গ্রহণ করেছে। গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ওএমসি অর্থ্যাৎ খোলা মার্কেটে বিক্রয় এর আওয়াতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য আপাতত ১৫ হাজার ৬০০ পরিবারকে বিশেষ কার্ড এর বরাদ্দ দেয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে কার্ডপ্রাপ্ত প্রতিটি পরিবার ১০ টাকা দরে মাসে ২০ কেজি চাল কিনতে পারবেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী এ কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে। দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহনশ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয়লিঙ্গ (হিজরা) সম্প্রদায়সহ অন্যান্য সকল শ্রেণির কর্মহীন মানুষ এ সুবিধা পাবে।
নারাণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে এ ধরনের পরিবারের তথ্যসংগ্রহের কাজ চলছে। তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকে কার্যালয় থেকে আমাদের ইতোমধ্যেই ১ হাজার ৩৯টি কার্ড হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কার্ড পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ত্রাণ ও সেবা কার্যক্রম প্রসঙ্গে আইভী জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরশন ৪৯০ টন চাল পেয়েছি। আগামীকাল পর্যন্ত ২৭টি ওয়ার্ডে প্রায় ৫০ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল ও ডাল বিতরণ করতে সক্ষম হয়েছি। এছাড়া সামাজিকভাবে অনেকেই দান করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডেই বিত্ত্ববানরা এগিয়ে এসেছে। কেউ তারা নিজেরা দিচ্ছে কেউ কাউন্সিলরের মাধ্যমে দিচেছ।
তিনি বলেন, আমরা ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করেছি। প্রায় ১৬ জন ডাক্তার প্রতিদিন টেলিফোনে সেবা দিয়ে যাচ্ছে। তারপর সীমাবদ্ধতার মধ্যেও আমরা ৪টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী বহন করা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যেই আমরা ৫১১ জনের নমুনা সংগ্রহ করেছি। আমাদের টেকনেশিয়ানের খুবই অভাব। আমাদের ৪ জন টেকনিশিয়ান ছিলো তারমধ্যে তিনজনই অসুস্থ। একজন কাজ করছে। এছাড়া বেসরকারিভাবে আমরা দুজন পেয়েছি তাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটি টিমের মাধ্যমে সিভিল সার্জনকে সহযোগিতা করছি। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজও হোম কোয়ারেন্টাইনে থেকেও আমাদের সহযোগিতা করছে।
এ সময় মেয়র আইভী নারায়ণগঞ্জবাসীকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়ে মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।


