এক সপ্তাহের মধ্যে করোনার চিকিৎসা হাসপাতাল প্রস্তুত হবে : আইভী
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। আমার মনে হয় আগামী এক সপ্তাহের মধ্যেই ল্যাবের কাজ শুরু হয়ে যাবে। আইসিউর কাজ চলছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় এখন মুমূর্ষু রোগী চিকিৎসা দেয়া হচ্ছে না। তবে আশা করি নারায়ণগঞ্জে এক সপ্তাহের মধ্যে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নগর ভবনের সামনে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে গরীব-দুঃস্থ ,নিম্ন আয়ের কর্মহীন ১৫ হাজার ৬০০ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের জন্য বিশেষ ওএমসি কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধ শেষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনউদ্দিন এবং ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
মেয়র আইভী নারায়ণগঞ্জ বাসীকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়ে মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, মনে রাখবেন মৃতদেহ থেকে ভাইরাস ছড়ায় না। মৃতের স্বজনরা যাতে মৃতের দাফন, সৎকারে অংশগ্রহণ করে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
তিনি বলেন, গত পরশুর একটা ঘটনা দেখলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলতেছেন যে হাসপাতালের একজন চিকিৎসকের পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন তাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে এলাকাবাসী। এটা কোন ধরনের মানবিকতা। আমরা এরকম মানবিকতা চাই না। সুতরাং করোনাকে ভয় না বরং জয় করতে হবে। অবশ্যই আমরা জয়ী হবো। ভাল থাকুন নারায়ণগঞ্জবাসী। ভয়ের কোনো কারণ নাই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী ভালো আছে ভালো থাকবে। আমরা ভালো থাকতে চাই। যেহেতু আমরা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস। এমন কোনো জেলার মানুষ নেই যারা নারায়ণগঞ্জে এসে কাজ করে না। সুতরাং নারায়ণগঞ্জের মানুষ কিন্তু অন্য জেলায় গিয়ে করোনা ভাইরাস ছড়ায়নি। এখানে যারা কাজ করতেন তারাই বন্ধের সময় তাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে এ ভাইরাস ছড়িয়েছে। আমরা এ দুর্যোগ অতিক্রম করতে পারবো।
মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সর্বদা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আমারও মানুষ আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঙ্গে থাকবেন।


