যুগের চিন্তা রিপোর্ট : ‘লকডাউনে আমাগো সংসার লকডাউন হওনের যোগার। প্রথম সপ্তাহেই আমরা বেকার হয়ে পড়েছিলাম। হাতে জমানো টাকা দিয়ে কোনমতে চলেছি। গ্যারেজ মালিক কিছু সহযোগীতা করেছে।
দ্বিতীয় সপ্তাহে ঘরে খাবার ছিলনা। গ্যারেজ মালিকের অনুমতি নিয়ে অটো নিয়ে রাস্তায় বের হই। গ্যারেজ মালিক এখন দৈনিক ২০০ টাকা জমা নেয়। এতেই আমরা খুশি।’
এ কথাগুলো বললেন, সালাউদ্দিন (৩০) নামে একজন অটো চালক। গতকাল দুপুরে শহরের ২নং রেলগেইট এলাকায় আলী আহাম্মদ চুনকা সড়কের অটোস্ট্যান্ডে এ প্রতিবেদকের সাথে কথা কয়েকজন অটোচালকের।
অনেকেই বললেন মানবেতর জীবন যাপনের কথা। এদের মধ্যে স্থানীয় না হওয়ায় অনেকেই ত্রাণ পাননি। ন্যাশনাল আইডি কার্ড দেখে ত্রাণ দেয়া হয়। জনপ্রতিনিধিদের কাছ দায়িত্ব পাওয়া ব্যক্তিরা মুখ চিনে ত্রাণ বিতরণ করেন। ফলে অনেকেই ত্রাণ পাননা। কেহ একাধিকবার ত্রাণ পাচ্ছেন।
জানাগেছে, দেওভোগ আলী আহাম্মদ চুনকা সড়কটি শহরের ভেতর দিয়ে দেওভোগ পানিরট্যাংকী, নাগবাড়ি, মাদ্রাসার মোড়, বাঁশমুলি, আদর্শনগর হয়ে ভোলাইলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে গিয়ে মিশেছে।
লকডাউনে শহরের মূল রাস্তায় অটো চলাচল বন্ধ থাকলেও ভেতরের রাস্তায় সীমিত আকারে চলাচল অব্যাহত রয়েছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, ভোলাইল, বাঁশমুলি, মাদ্রাসার শেষ মাথা, নাগবাড়ি এলাকায় অটো চলাচল অব্যাহত আছে। তবে যাত্রী কম।
দেওভোগ মাদ্রাসার শেষ মাথা থেকে একটি খালি অটোতে উঠলেন দুই জন। একজন পেছনের সীটে, একজন মধ্যের সীটে। নাগবাড়ির মোড় থেকে সামনে চালকের সাথে বসলেন একজন। মোট তিন যাত্রী নিয়ে অটো চলছে।
দেওভোগ পানির ট্যাংকী মোড়ে থামলো। একজন মাঝ বয়েসি লোক পেছনে উঠতে গিয়েও উঠলেন না। চালক অটো ছেড়ে গেলেন। একজন যাত্রী বললেন, সবাই সতর্ক। সামাজিক দূরত্ব মেনে চলছে। করোনাতো বলে কয়ে আক্রমন করবেনা।
কয়েকজন গ্যারেজ মালিক জানান, সবাই বিপদে আছে। আল্লাহপাক আমাদের রহমত করবেন। আমরা অটো ভাড়া কম নিচ্ছি। অটোতে যাত্রী বেশি উঠছেনা। দুই তিনজনের বেশি যাত্রী উঠেনা। এ কারনে আমরা জমা কম নিচ্ছি। বিপদের দিনে এর চেয়ে বেশি কিছু করার সমর্থ নেই।
এলাকার নেতারা অটো চালকদের ত্রাণ দেয়না। নেতাদের লোকেরা নিজেদের লোক চিনে ত্রাণ দিচ্ছে। আমারতো এসব নিয়ে ঝগড়া করতে পারিনা। অনেকে ভাড়াটিয়া কষ্টে আছে। তাদের গ্রামের বাড়ি অন্য জেলাতে। এ কারনে তাদের ত্রাণ দেয়া হয়না।


