বকেয়া বেতনের দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৬:৪৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের একাধিক কারাখানা শ্রমিকরা।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া শহীদ মিনারে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা লালপুর এলাকার ইউনিটেক্স কটন মিলস লিমিটেডের শতাধিক শ্রমিককে অবস্থান করতে দেখা যায়।
শ্রমিকদের অভিযোগ, মার্চ মাসসহ আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তারা ১৬ এপ্রিল আমাদের বেতন পরিশোধের কথা জানালেও আজকে কারখানায় গিয়ে দেখি কারখানা বন্ধ। কারখানায় কোনো কর্তৃপক্ষ নাই। এখন আমরা কার কাছ থেকে বেতন নিব। কে আমাদের বেতন দিবে। কবে দিবে?
কারখানা শ্রমিক আলেয়া বেগম জানান, ‘মালিক বেতন দেয়া না আমাগোরে। এহনও মার্চ মাসের বেতন পাই নাই। আজকে দেয়ার কথা আছিলো। কিন্তু তারা কেউ নাই কারখানায়। কবে দিব তাও কয় না।’
‘আমাগো ঘরে এখন ভাত যে খামু তার কিছুই নাই। এইজন্যই রাস্তায় নামছি। যাতে আমাগো বেতনটা আমাগো দিয়া দেয়। কী কমু, আর কত কমু?’
কারখানার সুপারভাইজার মো. অপূর্ব জানান, আমরা কারখানা স্টাফরা এখনও তিন মাস অর্থ্যাৎ গত ফেব্রুয়ারী, মার্চ এবং গত বছরের ডিসেম্বরের ২৫ দিনের বেতন পাওনা রয়েছি আর ওয়ার্কাসরা মার্চের বেতন পাবে। আজকে দেয়ার কথা ছিলো। কিন্তু কারখানায় গিয়া দেখি কেউ নাই। তাই এখানে আমরা অবস্থান প্রশাসনের সহযোগীতা চাইতে আসছি।
অন্যদিকে নারায়ণগঞ্জের বিসিক এলাকার একাধিক কারখানা শ্রমিকরাবকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ।
এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এমএ শাহীন জানান, আমাদের কাছে এখন পর্যন্ত বিভিন্ন কারখানা শ্রমিকরা অভিযোগ করছে যে কারখানা মালিকরা বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে। আজকে বিসিকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে একাধিক কারখানা শ্রমিকরা। এর আগের দিন চানমারী এলাকার ফকির গার্মেন্টের শ্রমিকরা বিক্ষোভ করে। কিছু কিছু কারখানায় বেতন দিলেও শ্রমিক ছাঁটাই অব্যহত রয়েছে। টাইমস সোয়েটার লিমিটেড কারখানার প্রায় ২ শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।
কিছুক্ষণ আগে আদমজী অনন্ত নামে এক গার্মেন্ট শ্রমিক জানালো তাদের ফোন করে কারখানা ম্যানেজম্যান্ট থেকে না করে দেয়া হচ্ছে। তার মানে তারা এপ্রিল থেকে বেতন পাচ্ছে না। প্রতিদিন একাধিক কারখানা শ্রমিকরা কখনও বেতন কখনও শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে রাস্তায় নামছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে এ সময় এ ধরণের কাজ কারখানা মালিকরা সুযোগের সদব্যবহার হিসেবে নিচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সৈকত শাহীনের (০১৭৬৯৬৯২৪৮৫) সাথে কথা বলতে ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি।


