পূর্ণাঙ্গ করোনা পরীক্ষা কেন্দ্রের দাবি বাম গণতান্ত্রিক জোট’র
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:২৫ পিএম
স্টাফ রিপোর্টার : করোনাকালীন পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদ মঙ্গলবার বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করেন।
বাম জোটের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের সভায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, বাসদের জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, লকডাউনের কারণে রিকশা-ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রি-রোলিং শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, চা-দোকানদার, সেলুন কর্মচারী, দিনমজুরসহ দৈনিক শ্রম বিক্রির বিনিময়ে রুটিরুজির সংস্থানকারী শ্রমিকরা কর্মহীন হয়ে চরম অসহায়ত্ত্বের মধ্যে দিনযাপন করছে। ফলে এই শ্রমিকদের অর্ধাহার-অনাহারে জীবনযাপন করতে হচ্ছে।
সরকারের তরফে খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদানের যত চিত্র দেখা যাচ্ছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রতিদিন সংবাদ মাধ্যমে সরকার দলীয় লোকজনের মাধ্যমে সরকারি সহায়তা আত্মসাতের খবর বেরোচ্ছে। নারায়ণগঞ্জ শিল্প শহর হওয়ায় বসবাসকারী শ্রমজীবী দিনমজুর মানুষ ভাড়া বাসায় বসবাস করেন তাদের অবস্থা আরও শোচনীয়।
খাদ্য নিরাপত্তাহীনতার পাশাপাশি বাসস্থানের অনিশ্চয়তা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। সমাজের মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষও সংকটে পড়েছে। লোকলজ্জায় এরা তাদের সংকটের কথা বলতে পারছে না। এমতাবস্থায় নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীদের বিনামূল্যে খাদ্য সহায়তার পাশাপাশি তাদের বাড়িভাড়া ও চিকিৎসা ব্যায় নির্বাহের জন্য সহায়তা নিশ্চিত করতে হবে।
গার্মেন্টসে সরকার প্রণোদনা ঘোষণা দিয়েছে। কিন্তু মালিকরা দুর্যোগের সুযোগ নিয়ে ব্যাপক শ্রমিক ছাঁটাই করছে। এতে যে শ্রমিক বিক্ষোভ হচ্ছে তাতে মারাত্মক করোনা ঝুঁকি তৈরি করছে। এসব সুযোগসন্ধানী মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
নেতৃবৃন্দরা অরো বলেন, নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। করোনায় ঢাকা-নারায়ণগঞ্জ সবচেয়ে বিপদাপন্ন হিসাবে চিহ্নিত হয়েছে। ৭ মার্চ দেশের প্রথম করোনা রোগী চিহ্নিত হয়েছে নারায়ণগঞ্জে। কিন্তু করোনা চিকিৎসায় এখানে তেমন কোন অগ্রগতি হয়নি।
সম্প্রতি ৩০০ শয্যার হাসপাতাল করোনা চিকিৎসা হাসপাতাল ঘোষণা হলেও এখনো তা কার্যকরী হয়নি। এখানে কোন করোনা পরীক্ষাকেন্দ্র বা চিকিৎসার জন্য ভেন্টিলেটরসহ কোন আইসিইউর ব্যবস্থা নেই।
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে অবিলম্বে পূর্ণাঙ্গ করোনা পরীক্ষা কেন্দ্র ও করোনা চিকিৎসায় ভেন্টিলেটরসহ আইসিইউ স্থাপন এবং সহস্রাধিক শয্যার চিকিৎসা কেন্দ্র করার দাবি করেন।
নেতৃবৃন্দ করোনা সংক্রমণকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি, বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধ করে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।


